মানবপাচার রোধে আইনি কাঠামো শক্তিশালী করার তাগিদ আইনমন্ত্রীর

Published: September 28, 2026, 9:46 am

মানবপাচার, জোরপূর্বক শ্রম এবং অভিবাসী পাচারের মতো অপরাধগুলো কার্যকরভাবে মোকাবিলা করার জন্য বিদ্যমান আইনি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আরও জোরদার করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের অধীন আয়োজিত উচ্চপর্যায়ের থিমেটিক সভা ‘সোর্স থেকে শেলফ: বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে মানবপাচার মোকাবিলা’ শীর্ষক আলোচনায় প্যানেলিস্ট হিসেবে তিনি এ কথা বলেন।

বক্তব্যে আইনমন্ত্রী মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০২৬ প্রণয়ন, জাতীয় রেফারেল মেকানিজম শক্তিশালীকরণ এবং মানবপাচারসংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া অভিবাসী কর্মী ও ভুক্তভোগীদের সুরক্ষাব্যবস্থা আরও বেগবান করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

মন্ত্রী বলেন, এই অপরাধ দমনে আইনের কার্যকর বাস্তবায়ন, বিভিন্ন সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয় এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা আবশ্যক। তিনি আরও জানান, বিচার বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা এবং অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সক্ষমতা বাড়াতে বাংলাদেশ জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরসহ (UNODC) আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

আইনের শাসন সমুন্নত রাখা এবং মানুষের মর্যাদা সুরক্ষায় বাংলাদেশ সবসময় প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, অর্থনৈতিক একীভূতকরণ ও বৈশ্বিক শ্রমবাজারের চলাচল যাতে শ্রমিকদের অধিকার ও মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান দেখিয়ে পরিচালিত হয় এবং শোষণ থেকে কার্যকর সুরক্ষা নিশ্চিত করে, সে বিষয়ে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রী, ইউএনওডিসি ও ইন্টারপোলের নির্বাহী পরিচালক এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি খাতের জ্যেষ্ঠ প্রতিনিধিরাও প্যানেলিস্ট হিসেবে অংশ নেন।

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৩৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৪৩

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh