দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবি নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাসের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার এক ভিডিওবার্তায় তিনি এই আহ্বান জানান। জামায়াত আমির সতর্ক করে বলেন, বেতন কাঠামো পুনর্বিন্যাসের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যত বিলম্ব হবে, পোশাক খাতের ক্ষতি ততই বৃদ্ধি পাবে। এমন পরিস্থিতিতে সুযোগসন্ধানীরা অস্থিরতা তৈরির সুযোগ নিতে পারে, তাই সরকার ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও সতর্কতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, গত কয়েক দিন ধরে বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলনের কারণে অনেক শিল্পকারখানা বন্ধ রাখা হয়েছে। কোথাও কোথাও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। বিশেষ করে গাজীপুরের শ্রীপুরে গাইবান্ধার তৌফিক নামে এক পোশাকশ্রমিক হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। ডা. রহমান সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান। তিনি উল্লেখ করেন, দেশের প্রধান রপ্তানি খাত হিসেবে এই শিল্পে বড় কোনো বিপর্যয় ঘটলে সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে শ্রমিকদের স্বল্প বেতনে জীবনধারণ করা প্রায় অসম্ভব উল্লেখ করে তিনি বলেন, সরকার দ্রুত যৌক্তিক সমাধানে এগিয়ে আসবে বলে প্রত্যাশা ছিল, কিন্তু এখন পর্যন্ত সরকার এই পদক্ষেপ নিতে পারেনি। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, শিল্প বাঁচলে দেশ বাঁচবে, আবার শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে। তাই শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা জরুরি।
শ্রমিকদের প্রতি সহানুভূতি জানিয়ে জামায়াত আমির তাদের প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখার আহ্বান জানান। তিনি বলেন, শিল্প বেঁচে থাকলে আপনারাও বেঁচে থাকবেন এবং আপনাদের ন্যায্য অধিকারের পক্ষে আমরা আছি। মালিকপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের নিজেদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করলে সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। সবশেষে তিনি সরকারকে অস্থিরতা তৈরির সুযোগ আর না দিয়ে দ্রুত কর্তব্য পালনের আহ্বান জানান।





