দুর্গাপূজার ছুটিকে কেন্দ্র করে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পর্যটকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। পিয়াইন নদের স্বচ্ছ জলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পাথর আর পেছনে দাঁড়িয়ে থাকা পাহাড়ের সমন্বয়ে গঠিত প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণপিপাসুরা এখানে ছুটে এসেছেন।
জাফলংয়ের এই প্রাকৃতিক সৌন্দর্যে ছুটির দিনগুলো কাটানোর জন্য পর্যটকরা বিভিন্নভাবে সময় পার করছেন। কেউ কেউ নদের অগভীর জলে নেমে জলকেলিতে মেতে উঠেছেন, আবার অনেকে পাথরের ওপর দিয়ে হেঁটে ঘুরে দেখছেন প্রকৃতির নান্দনিক রূপ।
ভ্রমণরত পর্যটকদের অনেকেই তাঁদের এই আনন্দঘন মুহূর্তগুলো মুঠোফোনের ক্যামেরায় ধরে রাখছেন। পাথর, পানি আর পাহাড়ের অপূর্ব মেলবন্ধনে ছুটির দিনগুলো পর্যটকদের কাছে প্রাণবন্ত হয়ে উঠেছে।





