সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় আরও হামলার হুমকি হুতিদের

Published: October 15, 2026, 3:58 am

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তরে ভয়াবহ হামলা চালানোর পর এবার দেশটির বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় আরও হামলার হুমকি দিয়েছে। হুতিদের এই ধারাবাহিক হামলার মুখে সৌদি আরব বর্তমানে এক অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

নিরাপত্তা ঝুঁকির বিষয়টি এতটাই প্রকট হয়ে উঠেছে যে, গত কয়েকদিন ধরে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে নিয়মিত এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে স্থানান্তর করা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। তাকে সাম্প্রতিক সময়ে জনসমক্ষে দেখা না যাওয়ায় এই খবরের সত্যতা নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়েছে। হুতিদের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব স্থাপনায় হামলার হুমকি দেওয়া হয়েছে, সেগুলো তাদের কাছে বৈধ লক্ষ্যবস্তু। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের হামলার পাল্টা জবাব হিসেবেই তারা এই কৌশল অবলম্বন করছে।

গত শনিবার রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় ১৩ জন নিহত হওয়ার ঘটনা ঘটে। রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, যা কয়েকটি তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। যদিও সৌদি জ্বালানি মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল যে, হামলায় সীমিত পরিসরে অগ্নিকাণ্ড হয়েছে। দুটি সূত্র জানিয়েছে, আরামকোর কার্যক্রম স্বাভাবিকভাবে চলছিল এবং কর্মীরা বাড়ি থেকে কাজ করছিলেন।

হুতিদের এই সংঘাত সৌদি যুবরাজের উচ্চাভিলাষী অর্থনৈতিক রূপান্তর পরিকল্পনার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বুধবার সৌদি নেতৃত্বাধীন জোট রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে এবং এদিন রিয়াদে বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দও শোনা গেছে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বুধবার রিয়াদে সম্ভাব্য আকাশপথের হুমকি নিয়ে সতর্কতা জারি করা হয়েছিল, যা পরে প্রত্যাহার করা হয়। তবে বিস্ফোরণের শব্দের কারণ সম্পর্কে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। উপসাগরীয় অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার মধ্যে এই যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin