শ্রীমঙ্গল সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে নির্বাচন অফিসের কর্মী আটক

Published: September 21, 2026, 9:42 am

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৩২

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সুশান্ত বিশ্বাস নামের এক নির্বাচন অফিসের কর্মচারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে শ্রীমঙ্গল উপজেলার মংলামবস্তি চা বাগান সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সুশান্ত বিশ্বাস (৩৪) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত আছেন। তিনি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে। ২০১৬ সাল থেকে তিনি নির্বাচন অফিসে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে কাজ করছিলেন।

বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার সকালে মংলামবস্তি চা বাগান সীমান্ত দিয়ে দালালের সহায়তায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন সুশান্ত। এ সময় বিজিবির একটি টহল দল তাকে হাতেনাতে আটক করে।

সংশ্লিষ্ট জামালগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ের বরাত দিয়ে বিজিবি আরও জানায়, সুশান্ত প্রায় এক মাস ধরে কোনো ধরনের ছুটি বা অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ কারণে নির্বাচন অফিসের কর্মকর্তারা তার অবস্থান জানার চেষ্টা করছিলেন। এরই মধ্যে তিনি সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা চালান।

আটকের সময় সুশান্তের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, তার নিজের নামের দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), বিভিন্ন ধরনের ছয়টি আইডি কার্ড, দাপ্তরিক সিল এবং তার ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব ডিজিটাল তথ্য, পরিচয়পত্র ও অন্যান্য নথিপত্র যাচাই-বাছাই করা হচ্ছে বলে বিজিবির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh