রাজনৈতিক চাপের কাছে ইসি অসহায়, দাবি জামায়াতের

Published: October 25, 2026, 1:59 pm

বর্তমান নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক চাপের কাছে অসহায় অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। রোববার (২৫ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সামনে এই অভিযোগ তুলে ধরেন। বৈঠকে জামায়াতের সাত সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে সরেজমিনে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে তারা সিইসির কাছে নয়টি সুনির্দিষ্ট অভিযোগ এবং তিনটি দাবি পেশ করেছেন। তিনি জানান, পুলিশের মাধ্যমে এই নির্বাচন নিরপেক্ষভাবে পরিচালনা করা সম্ভব নয়, তাই তারা সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছিলেন। তবে নির্বাচন কমিশন তাদের জানিয়েছে যে, এই নির্বাচনে সেনাবাহিনীর প্রয়োজন নেই। জামায়াত নেতার মতে, কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে সঠিকভাবে কাজ করতে পারছে না।

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে গোলাম পরওয়ার বলেন, তাদের দল এখনো নির্বাচনী মাঠে সক্রিয় আছে এবং তারা ভোট করতে চায়। তবে সে জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা জরুরি। সিইসি তাদের জানিয়েছেন যে, বিষয়টি নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

একই বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন যে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। তিনি দাবি করেন, প্রশাসনের কাছে তারা যেসব অভিযোগ করছেন, প্রশাসন তার কোনোটিই আমলে নিচ্ছে না।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh