গত রোববার হবিগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এক বিতর্কিত সিদ্ধান্তের ঘোষণা দেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। সভায় তিনি ‘গ্রাম্য গানবাজনা’ বন্ধের নির্দেশনা দেওয়ার পাশাপাশি বিভিন্ন মেলা আয়োজনের সরাসরি বিরোধিতা করেন। এসব আয়োজনকে ‘বাড়তি জঞ্জাল’ বলে আখ্যা দেন তিনি। একজন দায়িত্বশীল আইনপ্রণেতার কাছ থেকে এ ধরনের নির্দেশনা অত্যন্ত উদ্বেগজনক এবং চরম হতাশাজনক।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ করে নারীদের খেলাধুলায় নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি ও হামলার ঘটনা ঘটতে দেখা গেছে। এসব ক্ষেত্রে কখনো সরকারের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলেও অনেক সময় নিষ্ক্রিয় ভূমিকাও পরিলক্ষিত হয়েছে। শিল্প ও সংস্কৃতি চর্চার বিষয়ে সরকারের যে প্রাতিষ্ঠানিক ও আনুষ্ঠানিক অবস্থান রয়েছে, সরকারি দলের একজন হুইপ ও আইনপ্রণেতার এমন বক্তব্য তার সঙ্গে স্পষ্টতই সাংঘর্ষিক।
জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের সার্বিক কল্যাণ দেখা তাঁর দায়িত্ব হলেও জনগণের সাংস্কৃতিক রুচি ও প্রকাশ বৈচিত্র্যময়। বিভিন্ন ধরনের লোকজ গানবাজনা ও মেলা গ্রামীণ সমাজের মানুষের পারস্পরিক মেলবন্ধনের অন্যতম প্রধান ক্ষেত্র। জনগণের ভোটে নির্বাচিত হয়ে নিজের বা কোনো বিশেষ গোষ্ঠীর সংকীর্ণ দৃষ্টিভঙ্গি পুরো এলাকার ওপর চাপিয়ে দেওয়ার সুযোগ কারো নেই। বরং সমাজে বিচিত্র সাংস্কৃতিক অভিব্যক্তির সহাবস্থান সুনিশ্চিত করাই জনপ্রতিনিধির মূল কর্তব্য। এসব ঐতিহ্যকে ‘বাড়তি জঞ্জাল’ হিসেবে খারিজ করে দিলে সমাজের বজায় থাকা সাংস্কৃতিক সহনশীলতা ও ভারসাম্য মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়।
যেকোনো বড় আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার গুরুত্ব অনস্বীকার্য। মেলা বা অনুষ্ঠানে জুয়া কিংবা কোনো বেআইনি কর্মকাণ্ড চললে পুলিশ ও প্রশাসন সেখানে কঠোর আইনি পদক্ষেপ নেবে—এটাই নিয়ম। কিন্তু অপরাধ নিয়ন্ত্রণের অজুহাতে সব ধরনের সংস্কৃতি চর্চার পথ রুদ্ধ করা বস্তুত ‘মাথাব্যথার দোহাই দিয়ে মাথা কেটে ফেলা’র শামিল। কোথাও কোনো বিশৃঙ্খলা দেখা দিলে তা নিয়ন্ত্রণ ও সুশৃঙ্খল করা প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাজ, ঢালাওভাবে গানবাজনা নিষিদ্ধ বা বন্ধ করে দেওয়া তাঁদের দায়িত্ব নয়।
আসন্ন শীত মৌসুমে ওয়াজ মাহফিল আয়োজনকে কেন্দ্র করে যাতে এলাকায় কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি না হয়, হুইপের সেই উদ্বেগকে স্বাগত জানানো যায়। ওয়াজ মাহফিল গ্রামীণ জনপরিসরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুসঙ্গ। তবে এই ধর্মীয় আয়োজনকে লোকসংগীত কিংবা মেলার মুখোমুখি দাঁড় করানো এবং সাংস্কৃতিক ভিন্নতাকে ‘জঞ্জাল’ মনে করা গণতান্ত্রিক চেতনা ও সামাজিক সম্প্রীতির ধারণার সরাসরি পরিপন্থী।
হবিগঞ্জে ‘গ্রাম্য গানবাজনা’ বন্ধের এ ধরনের স্বৈরাচারী নির্দেশনা যাতে কোনোভাবেই কার্যকর হতে না পারে, তা নিশ্চিত করার দায় সরকারের। জাতীয় সংসদের হুইপ তাঁর এ ধরনের গণতান্ত্রিক চেতনাবিরোধী বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন বলেই সবার প্রত্যাশা। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রেখে কীভাবে স্থানীয় লোকসংস্কৃতি, গ্রাম্য গানবাজনা ও মেলা সুশৃঙ্খলভাবে আয়োজন করা যায়, সেই পথ সুগম করাই একজন জনপ্রতিনিধির প্রকৃত দায়িত্ব।





