নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধারের সময় শরীরে শেয়াল কামড়াচ্ছিল

Published: September 19, 2026, 10:24 am

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ১টার দিকে কোটবাড়ির পশ্চিম সানন্দা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম জানিয়েছেন, মরদেহ উদ্ধারের সময় তিনি সেখানে একটি শেয়ালকে অপ্রতিমের শরীরে কামড়াতে দেখেছেন।

ঘটনার বর্ণনা দিয়ে আরিফুল ইসলাম বলেন, তারা সকাল থেকেই অপ্রতিমকে খুঁজছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে জঙ্গলের মধ্যে একটি শিশু পড়ে থাকার তথ্য পান তারা। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তারা অপ্রতিমের মরদেহ দেখতে পান এবং সে সময় একটি শেয়াল তাকে কামড়াচ্ছিল। নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

এদিকে, এই ঘটনায় তুহিন নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। কোটবাড়ি থানার ইন্সপেক্টর মহিবুল আলম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে গতকাল রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় অপ্রতিমের সঙ্গে ওই ব্যক্তিকে দেখা গিয়েছিল।

নিহত অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও লেখক ড. নাহিদা বেগম এবং কে এম ফিরোজ শাহরিয়ারের ছেলে। নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর আজ তার মরদেহ উদ্ধার করা হলো। এর আগে গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তোলার কথা বলে বেরিয়ে গিয়ে অপ্রতিম নিখোঁজ হয়। তাকে না পেয়ে পরিবারের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং পুলিশ প্রশাসন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এ ঘটনায় অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy