সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর অদূরে অবস্থিত একটি সেনা ঘাঁটিতে সোমবার ভোরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আল-এইস শহরের কাছাকাছি অবস্থিত এই সামরিক স্থাপনায় পরপর বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। তবে এই ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।
আলেপ্পোর সিভিল ডিফেন্সের অপারেশন প্রধান ফয়সাল মোহাম্মদ আলী রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-ইখবারিয়াকে জানিয়েছেন, ঘটনাস্থলে এখনো ধারাবাহিকভাবে বিস্ফোরণ ঘটায় জরুরি উদ্ধারকারী দল সেখানে পৌঁছাতে পারছে না। তিনি স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা থেকে নিরাপদ দূরত্বে থাকার জন্য সতর্ক করেছেন।
আলেপ্পোর হামদানিয়েহ এলাকার এক বাসিন্দা এএফপিকে জানিয়েছেন, তিনি একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং এরপরই দূরে বড় ধরনের আগুনের শিখা দেখতে পেয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাসিন্দাদের বাড়ি থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-ঘারিব। তিনি আরও জানিয়েছেন যে, হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার দলগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাতে আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে বিস্ফোরণস্থলমুখী সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সিরিয়ায় এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পর দেশটি এখনো অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৪ সালের শেষের দিকে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসে।
এর আগে গত শুক্রবার পূর্বাঞ্চলীয় দেইর এজ-জোর প্রদেশের একটি সামরিক স্থাপনায় অজ্ঞাত কারণে বিস্ফোরণে ১১ জন নিহত হন। এছাড়া চলতি মাসের শুরুতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন একটি অস্ত্রভাণ্ডারে বিস্ফোরণে ১৪ জন নিহত ও ১১ জন আহত হয়। তারও এক সপ্তাহের কিছু বেশি সময় আগে একই এলাকায় গোলাবারুদ বহনকারী একটি যান বিস্ফোরিত হয়ে পাঁচজন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল।





