না ফেরার দেশে বিএনপির বর্ষীয়ান নেতা আব্দুল হাই

Published: October 15, 2026, 9:15 am

বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই (৭৭) আর নেই। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পরিবারের সদস্য এবং বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আব্দুল হাই ১৯৪৯ সালের ৫ জানুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মনির উদ্দিন ছিলেন একজন ব্যবসায়ী। আব্দুল হাইয়ের পরিবারে তার স্ত্রী জামিলা খাতুন, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। তার ছোট ভাই মহিউদ্দিন আহমেদ মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মুন্সীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, এবং পরে সরকারি হরগঙ্গা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও বিএ ডিগ্রি অর্জন করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কোষাধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবেও নেতৃত্ব দিয়েছেন। ১৯৭৯ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মাধ্যমে তার সংসদীয় রাজনীতির পথচলা শুরু হয়। পরবর্তীতে ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালের জাতীয় নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ঢাকা-৮ আসন থেকে একবার এবং মুন্সীগঞ্জ-৪ আসন (বর্তমানে বিলুপ্ত) থেকে তিনবার নির্বাচিত হয়েছেন।

তিনি পঞ্চম জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং অষ্টম জাতীয় সংসদে প্যানেল স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মরহুমের জানাজার বিষয়ে তার পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা হবে। সন্ধ্যার পর মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় দলীয় কার্যালয়ে তৃতীয় জানাজা এবং রাতে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই আলিয়া মাদ্রাসার ঈদগাহ মাঠে চতুর্থ ও শেষ জানাজা শেষে তাকে সমাহিত করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh