গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার বিকালে এক বিবৃতিতে দলটি এই আহ্বান জানায়। বিবৃতিতে ঐতিহাসিক ৭ নভেম্বর ও ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহী-জনতার অভ্যুত্থানের কথা উল্লেখ করে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
এনসিপি জানায়, স্বাধীন বাংলাদেশের স্বতন্ত্র রাজনৈতিক বিকাশ ও জনগণের আত্মত্যাগকে বারবার আঞ্চলিক পরাশক্তি আত্মসাৎ করতে চেয়েছে। তবে বাংলাদেশের জনগণ সিপাহী-জনতার অভ্যুত্থান এবং জুলাই বিপ্লবের মতো ঐতিহাসিক ঘটনার মাধ্যমে আধিপত্য ও দাসত্বের জিঞ্জির নস্যাৎ করেছে। জিয়াউর রহমানকে সামরিক শাসকদের মধ্যে বিরল ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, তিনি সামরিক পটভূমি থেকে এসে একদলীয় বাকশালী রাজনীতি বাতিল করে বহুদলীয় রাজনীতি পুনঃস্থাপন করেছিলেন।
জিয়াউর রহমান বাকশালী কাঠামোর মধ্যে সংবিধানের পঞ্চম সংশোধনী করে গণতন্ত্র প্রবর্তন করতে চেয়েছিলেন, যা পরবর্তীতে আদালত বাতিল করে দেয়। এনসিপি বিএনপির সমালোচনা করে জানায়, জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলটি ইতিহাস থেকে কোনো রাষ্ট্রনৈতিক বা সাংবিধানিক শিক্ষা নেয়নি। বর্তমানে তারা জুলাই সনদের মতো সংবিধানের মৌলিক পরিবর্তনকে অষ্টাদশ সংশোধনীর ক্ষুদ্র খোপে সংকুচিত করতে চাচ্ছে, যা ভবিষ্যতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বিএনপির কাছে এনসিপি-র আহ্বান, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সংবিধানের মৌলিক কাঠামোগত সংস্কারের পথে এগিয়ে আসুন।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের জনগণের গণভোটের গণরায়কে সম্মান করে অবিলম্বে তা বাস্তবায়নের উদ্যোগ নিন। জুলাই বিপ্লবের বদৌলতে প্রাপ্ত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে গণরায় অস্বীকার করলে ইতিহাসের কাঠগড়ায় একদিন দাঁড়াতে হবে বলেও সতর্ক করে দলটি।





