ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হয়। এসব সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য এবং দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা সভা অনুষ্ঠিত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সরাইল সরকারি কলেজ, অরুয়াইল কলেজ, শাহবাজপুর হাইস্কুল, কুট্টাপাড়া হাইস্কুল, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, কালিকচ্ছ পাঠশালা, চুন্টা এসি একাডেমি, পাকশিমুল হাইস্কুল, অরুয়াইল হাইস্কুল ও পানিশ্বর হাইস্কুল। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও দিবসটি উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও মিছিল বের করা হয়। বিকেল সাড়ে ৪টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা এতে অংশ নেন। উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু শোভাযাত্রায় নেতৃত্ব দেন। মিছিলে বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রার অগ্রভাগে কয়েক শতাধিক মোটরসাইকেল এবং পেছনে কয়েক হাজার নেতাকর্মী ঢাকঢোল বাজিয়ে সরাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। শোভাযাত্রাটি উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।





