ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে কার্যকর সাইবার নিরাপত্তা নিশ্চিত করাকে বর্তমান গণতান্ত্রিক সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। দেশের প্রতিটি নাগরিকের সুরক্ষা, গোপনীয়তা রক্ষা এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিতে উপযুক্ত নীতি ও আইনি কাঠামো বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।
রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত 'সাইবারফ্রেমস ন্যাশনাল অ্যাওয়ার্ড' আয়োজনে বৃহস্পতিবার রাতে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র এসব কথা বলেন। তিনি জানান, উন্মুক্ত পরামর্শ ও সংলাপে সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে একটি সুদৃঢ় জাতীয় ঐকমত্যে পৌঁছানো সম্ভব, যা সাইবার নিরাপত্তার মূল উদ্দেশ্য বজায় রেখে আইনের চোখে সকলের সমতা, ন্যায্যতা ও সুবিচার নিশ্চিত করবে।
বর্তমান সময়ে সাইবার নিরাপত্তাকে অত্যন্ত জরুরি বিষয়টি হিসেবে উল্লেখ করে উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, দৈনন্দিন জীবনে মানুষ প্রতিনিয়ত অনলাইন আর্থিক অনিয়ম, জালিয়াতি ও অপপ্রচারের শিকার হচ্ছেন। সংবেদনশীল তথ্য চুরি, হ্যাকিং কিংবা ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে অসত্য তথ্য ছড়িয়ে বিভ্রান্তি ও চরিত্রহনন করা হচ্ছে। একইসঙ্গে এই মাধ্যমটিকে নারীদের হয়রানির ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে, যা বন্ধ করতে ডিভাইসে সচেতনতা ও প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহার প্রতিরোধ জরুরি।
আয়োজিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রতিযোগিতার প্রশংসা করে উপদেষ্টা বলেন, সাইবার অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ ও প্রতিকারের উপায় প্রদর্শনীগুলোতে চমৎকারভাবে ফুটে উঠেছে। অপরাধ বা গোপনীয়তা লঙ্ঘনের শিকার ব্যক্তিদের ভয় না পেয়ে রাষ্ট্রীয় আইনগত সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি। প্রতিযোগিতার আসল সাফল্য জয়-পরাজয়ের চেয়ে ইতিবাচক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ায় উল্লেখ করে এমন উদ্যোগে সরকারের পাশে থাকার আশ্বাস দেন।
দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাকালের ইতিহাস তুলে ধরে মাহ্দী আমিন ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষক-শিক্ষার্থীদের সাহসী ভূমিকা স্মরণ করেন। তিনি বলেন, একসময় উচ্চশিক্ষা কেবল সরকারি প্রতিষ্ঠানে সীমাবদ্ধ ছিল। সেই সময় বিএনপি সরকার ও তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিক্ষার সুযোগ প্রসারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। সেই দূরদর্শী নীতিমালার আলোকেই নর্থ সাউথ ইউনিভার্সিটির যাত্রা শুরু হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।
শিক্ষাব্যবস্থা নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জোর দিয়ে বলেন, শিক্ষার মূল কাজ কেবল সার্টিফিকেট প্রদান করা কিংবা নির্দিষ্ট পেশায় সীমাবদ্ধ রাখা নয়। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরে নিজেদের সৃজনশীলতা ও উদ্ভাবনী প্রতিভার বিকাশ ঘটাতে হবে। শিল্প, সাহিত্য, সংগীত ও পারফর্মিং আর্টসে তরুণদের যে মেধা রয়েছে, তার সুরক্ষা ও বিকাশের সুযোগ নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী ভার্চুয়ালি বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ কাশেম, ট্রাস্টি বোর্ডের সদস্য বেনজীর আহমেদ এবং সহ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ।





