স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের বাজারে স্বর্ণের গহনার দাম নতুন করে বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম ৩ হাজার ৩২৪ টাকা বাড়ানো হয়েছে। এই দর বৃদ্ধির ফলে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
বুধবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে স্বর্ণের নতুন এই দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মূল্যবৃদ্ধির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সংগঠনটি জানায়, বুধবার দুপুর ১টা ৪৫ মিনিট থেকে এই নতুন মূল্য কার্যকর হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্বর্ণের দর সংশোধন করা হলেও দেশের বাজারে রুপার নির্ধারিত দাম অপরিবর্তিত রয়েছে। উল্লেখ্য, এর আগে গত ২ নভেম্বর সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছিল।





