ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের দ্বিতীয় মানহানির মামলা খারিজ

Published: November 1, 2026, 3:20 am

যৌন অপরাধে অভিযুক্ত জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশের ঘটনায় মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় দ্বিতীয়বারের মতো হেরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফ্লোরিডার একটি ফেডারেল আদালত মামলাটি স্থায়ীভাবে খারিজ করে দিয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সাউদার্ন ডিস্ট্রিক্ট অব ফ্লোরিডার আদালত তাদের আদেশে উল্লেখ করেছে, একজন জনপরিচিত ব্যক্তির মানহানির মামলা প্রমাণের জন্য যে ‘প্রকৃত বিদ্বেষ’ বা ‘অ্যাকচুয়াল ম্যালিস’ থাকা প্রয়োজন, তা প্রমাণে ট্রাম্প ব্যর্থ হয়েছেন। বিচারক ড্যারিন পি. গেইলস তার আদেশে বলেন, ‘প্রথম প্রচেষ্টার মতো এবারও তিনি ব্যর্থ হয়েছেন।’

বিচারক তার পর্যবেক্ষণে ওয়াল স্ট্রিট জার্নালের সেই অনুসন্ধানী প্রতিবেদনটিকে ‘সুপরিকল্পিত ও বিস্তারিত তদন্তের’ ফল হিসেবে অভিহিত করেন। প্রতিবেদনটি প্রকাশের আগে ট্রাম্প এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য নেওয়ার জন্য সাংবাদিকদের যে প্রচেষ্টা ছিল, সেটিও বিচারক তার আদেশে তুলে ধরেন।

ট্রাম্পের আইনি দলের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল যে, এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করার পরও সংবাদমাধ্যমটির প্রতিবেদন প্রকাশ করা উচিত হয়নি। তবে বিচারক এই যুক্তি নাকচ করে দিয়ে জানান, মানহানির মামলায় ‘প্রকৃত বিদ্বেষ’ প্রমাণের আইনি মানদণ্ড এমন নয়। বিচারক আরও বলেন, ট্রাম্পের আইনজীবীদের এই ধরনের যুক্তি যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর সঙ্গেও সাংঘর্ষিক।

এর আগে ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে অন্তত ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলাটি পুনরায় দায়ের করেছিলেন। তবে শনিবার আদালত মামলাটি ‘উইথ প্রেজুডিস’ বা স্থায়ীভাবে খারিজ করে দেওয়ায়, একই অভিযোগে এই আদালতে নতুন করে মামলা করার আর কোনো সুযোগ থাকছে না।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy