ঢাকা টেস্টে বৃষ্টির বাগড়া, ৪৯ রানে অপরাজিত নাঈম

Published: October 31, 2026, 5:06 am

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা টেস্টের চতুর্থ দিনে আবারও হানা দিয়েছে বৃষ্টি। আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে টেস্টের প্রতিটি দিনই খেলা বিঘ্নিত হলেও শনিবার চতুর্থ দিনে প্রথম সেশনেই বন্ধ হয়ে যায় খেলা। তবে ঝিরিঝিরি বৃষ্টির কারণে খেলা থামার ১০ মিনিটের মধ্যেই বৃষ্টির বেগ কমতে শুরু করে। এরপরই মাঠ প্রস্তুতের কাজ শুরু করেন কিউরেটররা।

বৃষ্টিতে খেলা স্থগিত হওয়ার আগে চতুর্থ দিনের সকালে ৩ উইকেট হারিয়ে ৫৩ রান যোগ করেছে বাংলাদেশ। ৬ উইকেটে ৭৯ রান নিয়ে দিন শুরু করা টাইগারদের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৩২ রান। এর ফলে স্বাগতিকদের মোট লিড গিয়ে পৌঁছেছে ১৫৯ রানে।

এদিন ইনিংসের হাল ধরে রেখে রান বাড়ানোর মূল দায়িত্বটি পালন করেন নাঈম হাসান। আগের দিনের ১৮ রান নিয়ে খেলতে নেমে তিনি ৪৯ রানে অপরাজিত রয়েছেন। আর মাত্র ১ রান করতে পারলেই টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি স্পর্শ করবেন এই অলরাউন্ডার।

শনিবার ম্যাচের শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। জোমেল ওয়ারিক্যানের করা দিনের প্রথম ওভারের শেষ বলে রস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন জাকের আলী। মুমিনুল হকের কনকাশন সাব হিসেবে নামা জাকের ২২ রান করেন। জাকেরের বিদায়ের পর নাঈমের সঙ্গে জুটি বাঁধেন হাসান মাহমুদ। তারা দুজনে মিলে ২৬ রানের জুটি উপহার দেন। কিন্তু দলীয় ১১০ রানে হাসানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে মাঠ ছাড়তে বাধ্য করেন ওয়ারিক্যান।

এক প্রান্তে সতীর্থদের বিদায় হলেও অন্য প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান নাঈম। তার দায়িত্বশীল ব্যাটিংয়েই দলীয় লিড দেড়শ ছাড়ায় বাংলাদেশ। টাইগারদের লিড যখন ১৫৪ রান, তখন রস্টন চেজের বলে এলবিডব্লিউ হয়ে যান তাইজুল ইসলাম। আউট হওয়ার আগে ৮ রান করেন তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh