বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় তার পরিচিত ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার রাতে তাকে নৌ পুলিশের জিম্মায় দেওয়া হয়। বর্তমানে তাকে উত্তরখান থানা হেফাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন নৌ পুলিশের পুলিশ সুপার (এসপি) মাসুমা আক্তার। ঘটনা সংক্রান্ত মামলাটি উত্তরখান থানায় দায়ের করা হবে বিধায় তাকে সেখানে রাখা হয়েছে বলে জানান তিনি।
এর আগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণ করে আলোচনায় আসা তাহসিফ সাউরির ভাসমান লাশ গত বুধবার বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌ পুলিশ। স্বজনদের তথ্যানুযায়ী, গত মঙ্গলবার সন্ধ্যায় দীপের ডাকে সাড়া দিয়ে নিজের মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। পরে ওই দিন মধ্যরাত পর্যন্ত তার সঙ্গে দীপের অবস্থান করার বিষয়টি প্রকাশ পায়। এর পর্রে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য দীপকে হেফাজতে নেয় পিবিআই।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছিলেন, উত্তরা হাউজবিল্ডিং এলাকায় একটি রেস্তোরাঁয় একসঙ্গে নৈশভোজ শেষে তারা দুজন আলাদা হয়ে যান। তবে পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতেই শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয় পিবিআই। মাদকস্পট হিসেবে পরিচিত ওই স্থানে গভীর রাতে তাহসিফের সঙ্গে উপস্থিত থাকার কথা পরে স্বীকার করেন দীপ। শুক্রবার পিবিআই কর্মকর্তা ও তদন্তকারী দল দীপকে সঙ্গে নিয়ে টঙ্গীর ওই এলাকা পরিদর্শনে যান।
পিবিআইয়ের এক কর্মকর্তার সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে টঙ্গীর ওই স্থানে অবস্থানকালে পুলিশের একটি দল তাদের ধাওয়া দেয় বলে দীপ দাবি করেছেন। ধাওয়ার মুখে দীপ তুরাগ তীরের বিআইডব্লিউটিএর ২৯ নম্বর সীমানা পিলারের পেছনে গিয়ে আত্মগোপন করেন এবং তাহসিফ নদে ঝাঁপ দেন। পরে সুযোগ বুঝে রাত আড়াইটার দিকে দীপ সেখান থেকে সরে গিয়ে নিজের বাসায় ফেরেন। গভীর রাতে দুজনের সেখানে যাওয়ার কারণ জানতে চাওয়া হলে পিবিআই কর্মকর্তা জানান, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং প্রাপ্ত তথ্যগুলো আরও ক্রসচেক করে দেখা হচ্ছে। পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নানও শুক্রবার জানান, দীপের কাছ থেকে পাওয়া তথ্যগুলো যাচাই করে দেখা হচ্ছে। পরবর্তীতে রাতেই তাকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।





