মাঠে প্রতিপক্ষের সঙ্গে বাকবিতণ্ডার সময় হাত দিয়ে মুখ ঢেকে কথা বলায় বড় শাস্তির মুখে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে বাহিয়ার বিপক্ষে ম্যাচে ‘ভিনি জুনিয়র প্রটোকল’ বা ‘ভিনি জুনিয়র আইন’ ভাঙার দায়ে সান্তোসের এই ফরোয়ার্ডকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
ব্রাজিলের ক্রীড়া বিচারবিষয়ক সর্বোচ্চ আদালতের (এসটিজেডি) শৃঙ্খলা কমিটির শুনানিতে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনাটি ঘটেছিল ব্রাজিলিয়ান লিগের ৩২তম রাউন্ডে সান্তোস ও বাহিয়ার মধ্যকার ম্যাচটিতে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ঠিক আগে বাহিয়ার ফুটবলার রদ্রিগো নেস্তরের সঙ্গে তর্কে জড়ান নেইমার। উত্তেজনার একপর্যায়ে নিজের মুখ হাত দিয়ে ঢেকে কিছু একটা বলতে দেখা যায় তাকে।
ফুটবল মাঠে বর্ণবাদী কিংবা যেকোনো ধরনের আপত্তিকর বক্তব্য গোপন করার প্রবণতা বন্ধ করতেই ফিফার শৃঙ্খলাবিধিতে ‘ভিনি জুনিয়র প্রটোকল’ যুক্ত করা হয়েছে। এই নিয়ম অমান্য করার কারণে ম্যাচের রেফারি মাঠে নেইমারকে সরাসরি লাল কার্ড দেখিয়েছিলেন।
ম্যাচের অফিশিয়াল রিপোর্টে উল্লেখ করা হয়, লাল কার্ড পাওয়ার পরও সান্তোস তারকা শান্ত হননি। উল্টো তিনি নেস্তরের মুখোমুখি হতে বাহিয়ার ডাগআউটের দিকে ছুটে যান, যা মাঠের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। ব্রাজিলের ক্রীড়া বিচারবিধির ১৯১ নম্বর অনুচ্ছেদের দ্বিতীয় ধারা অনুসারে, সংশ্লিষ্ট ক্রীড়া কর্তৃপক্ষের নির্দেশনা না মানাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয়। সেই আইনের ভিত্তিতেই তাকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।





