দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশকে দ্রুত অলআউট করার পর ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং শুরু করেছে। চা বিরতির আগ পর্যন্ত সফরকারীরা ১ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করেছে। বর্তমানে ৫৩ রান নিয়ে অপরাজিত আছেন ক্যাম্পবেল এবং তার সঙ্গী চন্দরপল ২১ রান নিয়ে ব্যাট করছেন।
মধ্যাহ্নবিরতির পর ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে। সফরকারীরা প্রথম ৫ ওভারে ২৯ রান সংগ্রহ করে। এই সময়ে হাসান মাহমুদের বলে ব্রেন্ডন কিং ১৫ রান করে আউট হন।
ম্যাচের এই সেশনে বাংলাদেশের সামনে আরও উইকেট তুলে নেওয়ার সুযোগ ছিল। তবে শরীফুল নিজের বলে একটি সহজ ক্যাচ হাতছাড়া করেন। এর আগেও ক্যাম্পবেল একবার জীবন পেয়েছিলেন, যখন নাঈম হাসানের বলে তার ক্যাচটি ধরতে পারেননি ফিল্ডার। তখন ক্যাম্পবেলের ব্যক্তিগত রান ছিল ৫।
ক্যাম্পবেল এবং তাগনারায়ন চন্দরপল মিলে দ্বিতীয় উইকেটে ৬০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে চা বিরতিতে যান। আলোকস্বল্পতার কারণে আম্পায়াররা নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই চা বিরতির ঘোষণা দেন।





