চলতি অক্টোবর মাসের প্রথম ২৮ দিনেই দেশে এসেছে ২৬৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স। প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৩২ হাজার ৬৬৮ কোটি ৮০ লাখ টাকা। গত বছরের একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২৩৩ কোটি ৯০ লাখ ডলার। ফলে বছরের ব্যবধানে দেশে রেমিট্যান্স প্রবাহে ১৩ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, প্রবাসীদের পাঠানো অর্থ ইতিবাচক ধারায় রয়েছে। এর মধ্যে গত বুধবার (২৮ অক্টোবর) এক দিনেই দেশে ১১ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ প্রবাসী আয় এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (১ জুলাই থেকে ২৮ অক্টোবর পর্যন্ত) দেশে সর্বমোট ১ হাজার ১২৪ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৯৯২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।





