ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রথম ৩০ কেন্দ্রে এগিয়ে মির্জা ফয়সল

Published: October 29, 2026, 1:46 pm

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রথম ৩০টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে গণনা চলাকালে রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৯৮২ ভোট।

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি ও জামায়াতের প্রার্থী ছাড়াও অন্য প্রার্থীরা হলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৪টায় তা শেষ হয়। ভোটগ্রহণ চলাকালে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন নিজের কেন্দ্রে ভোট দিয়ে জয়ের বিষয়ে আশাবাদ প্রকাশ করেন। অন্যদিকে, জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলেছেন।

নির্বাচনী এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। দায়িত্বে ছিলেন বিজিবির ২১ প্লাটুন, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ২৫১ সদস্য, পুলিশের ২ হাজার ২৭২ সদস্য এবং আনসার বাহিনীর ২ হাজার ৪৬৫ সদস্য। পাশাপাশি বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করেছেন।

ভোটের দিন একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক জামায়াত নেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন।

নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোটগ্রহণের দাবি করেছে। কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিকেল সাড়ে ৪টায় এক সংবাদ সম্মেলনে বলেন, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং কোনো ঘটনা কমিশনকে উদ্বিগ্ন করেনি। ভোটারদের পরিচয় নিশ্চিত করার বিষয়ে তিনি জানান, ভোটারদের পরিচয় ডেটাবেজের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে এবং এজেন্টদের বিষয়টি বুঝিয়ে সন্তুষ্ট করা হয়েছে। এছাড়া ১৬ বছর বয়সীদের নিবন্ধনের কার্ড নিয়ে কয়েকজন কেন্দ্রে আসলেও তারা ভোটার না হওয়ায় ভোট দিতে পারেননি বলে জানান সচিব, যা ভোটগ্রহণের সঙ্গে সম্পর্কিত নয় বলে তিনি উল্লেখ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin