সুনির্দিষ্ট কোনো তথ্য-প্রমাণ ছাড়াই অনিয়মের অভিযোগ তুলে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় জামায়াতে ইসলামী লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেষ মুহূর্তে কারো নাম প্রকাশ না করে বা স্পষ্ট অভিযোগ না দিয়ে মনগড়া অনিয়মের কথা বলা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনকে সাধারণ মানুষের কাছে হেয়প্রতিপন্ন করাই তাদের মূল লক্ষ্য। তবে জনগণ যথেষ্ট সচেতন এবং এ ধরনের অপপ্রচার চালিয়ে জামায়াত কখনো সফল হতে পারবে না।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ডেমরার নবী টাওয়ারে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি জামায়াতের রাজনৈতিক ভূমিকার কড়া সমালোচনা করে এসব কথা বলেন। ঢাকা-৫ আসনের বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠন এই স্মারণসভার আয়োজন করে। অনুষ্ঠানটি মূলত বিএনপির প্রয়াত নেতা ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং সাবেক কাউন্সিলর বাদল সরদারের স্মরণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফাত আলী সফু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শিরীন সুলতানা, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনি এবং যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক জামশেদুল শ্যামল।
স্মরণসভা ও মিলাদ মাহফিলে ডেমরা ও যাত্রাবাড়ী থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের জনবলসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ অংশ নেন। দোয়া মাহফিলে সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ ও বাদল সরদারের সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির সার্বিক শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের নিরবচ্ছিন্ন অগ্রযাত্রার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।





