ময়মনসিংহের টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাকশিস) ময়মনসিংহ জেলা শাখার সংবর্ধনা ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণ প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষকরা সাধারণত সরকারিকরণ, এমপিওভুক্তকরণ বা জাতীয়করণের দাবি জানিয়ে থাকেন। তবে সরকার শিক্ষকদের শুধু এই দাবির মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায় না, বরং তাদের সমাজে আরও ভালোভাবে সম্মানিত করতে চায়।
মন্ত্রী শিক্ষকদের উদ্দেশে বলেন, আমরা চাই আপনারা শহর, গ্রাম, ইউনিয়ন ও ওয়ার্ডের সবচেয়ে দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠুন। কারণ আমরা যদি আপনাদের সম্মানিত না করি, তাহলে জাতি সত্যিকার অর্থে সম্মানিত হতে পারবে না। শিক্ষকদের জাতির মেরুদণ্ড এবং আগামী বাংলাদেশের কারিগর হিসেবে উল্লেখ করে ডা. জাহিদ হোসেন বলেন, শিক্ষকদের সম্মানিত করা রাষ্ট্রের বড় দায়িত্ব ও কর্তব্য। তিনি আরও যোগ করেন, সরকার শিক্ষকদের প্রতিটি দাবির সঙ্গেই একমত। জাতীয়করণ শুধু শিক্ষকদের ভালো রাখার জন্য নয়, বরং শিক্ষার্থীদের যত্ন নেওয়া ও তাদের দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তার লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।
পাঠ্যপুস্তকের বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বই এমন একটি মাধ্যম যা ইতিহাসকে ধারণ করে। বিগত সরকার সুচিন্তিতভাবে বাংলাদেশের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। বর্তমান প্রজন্মকে ৪৭, ৫২, ৬২, ৬৯, ৭১, ৭৫, ৯০ ও ২৪-এর ঘটনাসহ মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বুঝতে হবে। কাউকে কারো সঙ্গে তুলনা না করে আমাদের এমনভাবে পাঠ্যক্রম সাজাতে হবে যেন শিক্ষার্থীরা দেশের প্রকৃত ইতিহাস ধারণ করতে পারে।
বাকশিস কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। এছাড়াও গফরগাঁও আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু, ভালুকা আসনের সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেনসহ বিভিন্ন উপজেলা থেকে আগত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।





