দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে স্পেন ও যুক্তরাজ্যে পাঁচ দিনের সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সফরের তথ্য নিশ্চিত করা হয়েছে। সফরকালে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির বিষয়ে সরকারের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হবে।
সফরের প্রথম পর্যায়ে ২৬ অক্টোবর স্পেনের সেভিল শহরে শুরু হওয়া ‘তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর শুভ উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী। ‘দৃঢ়তর অংশীদারিত্ব, অভিন্ন সমৃদ্ধি’ প্রতিপাদ্যে যৌথ এই এক্সপোর আয়োজন করেছে স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই)। বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্যিক যোগসূত্র শক্তিশালী করা এবং স্থানীয় রফতানিকারকদের সঙ্গে স্প্যানিশ উৎপাদক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের প্রত্যক্ষ সংযোগ ঘটানোই এ আয়োজনের মূল লক্ষ্য।
স্পেন সফর শেষে ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন শামা ওবায়েদ ইসলাম। এ সফরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির প্রসার, সাংস্কৃতিক অংশীদারিত্বের পরিধি বাড়ানো এবং সৃজনশীল অর্থনীতির বিকাশকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। যুক্তরাজ্যে অবস্থানকালে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরা এবং বহুমুখী সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।





