ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, শীর্ষ দূষিত শহর লাহোর

Published: October 20, 2026, 3:02 am

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ নবম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টায় ঢাকার বায়ুর মান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ছিল ১৬৩। এই স্কোর অনুযায়ী ঢাকার বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

একই সময়ে বায়ুদূষণের তালিকায় ২১১ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি, যাদের স্কোর ২০৫। এছাড়া ২০১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। তালিকায় চতুর্থ স্থানে ১৯৩ স্কোর নিয়ে অবস্থান করছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর এবং ১৭৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারতের মুম্বাই শহর।

আইকিউ এয়ার মূলত বিশ্বের বিভিন্ন শহরের বাতাসের লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, বাতাসের মান স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ভালো হিসেবে বিবেচিত হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান মাঝারি বা সহনীয় ধরা হয়। এছাড়া ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin