শত্রুদের ওপর যেকোনো মুহূর্তে হামলার প্রস্তুতি ইসরায়েলের: নেতানিয়াহু

Published: October 19, 2026, 1:15 pm

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ইসরায়েলি বিমানবাহিনীর একটি ঘাঁটি পরিদর্শনে গিয়ে শত্রুদের বিরুদ্ধে যেকোনো মুহূর্তে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন দখলদার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (১৯ অক্টোবর) এই বিমানঘাঁটি পরিদর্শনের সময় তিনি ইসরায়েলি বিমানবাহিনীর প্রস্তুতি, দৃঢ়তা এবং শত্রুদের ওপর আঘাত হানার সক্ষমতা নিয়ে কমান্ডারের সঙ্গে আলোচনা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু শত্রুদের উদ্দেশে বলেন, ‘আমাদের পরীক্ষা করবেন না। এখন পর্যন্ত আপনারা যে আঘাত পেয়েছেন, তার চেয়েও কঠোর আঘাতের মুখে পড়বেন।’ তিনি আরও বলেন, ইসরায়েল নিজেকে রক্ষায় বদ্ধপরিকর এবং সাহসী পাইলট ও স্থলবাহিনীর সহায়তায় তারা যেকোনো প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত।

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের মাত্র আট দিন আগে নেতানিয়াহুর এই বক্তব্য রাজনৈতিক ও নিরাপত্তা—উভয় দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও তিনি সরাসরি কোনো দেশের নাম উচ্চারণ করেননি, তবে এই হুঁশিয়ারি মূলত ইরানকে লক্ষ্য করেই দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত বুধবার (১৪ অক্টোবর) ইসরায়েলি আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন, নির্বাচনের ঠিক আগে ইরানে বড় কোনো সামরিক হামলা চালানো ইসরায়েলের জন্য সুবিধাজনক হবে না। এর আগে ইসরায়েলের চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনের আগে ইরানের ওপর সামরিক অভিযান চালানোর অনুরোধ করেছিলেন। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় ওই প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নতুন করে হামলার বিষয়ে তিনি সতর্ক অবস্থানে রয়েছেন, তবে পরিস্থিতির বিচারে তার সিদ্ধান্ত পরিবর্তিত হতে পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh