অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ চালিয়ে বিতর্কের মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার সকাল ৮টা ৩৬ মিনিটে নিজের ফেইসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানান ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য। অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের শেষ মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক হোসেন লিখেছেন, আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে তিনি পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন।
এর আগে শনিবার বিকেলে নিজের ফেইসবুক পেইজে গেণ্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানের একাধিক ভিডিও প্রকাশ করেন ইশরাক। ভিডিওগুলোর একটিতে তাকে অস্ত্র হাতে অভিযানে অংশ নিতে দেখা যায় এবং অন্যটিতে পুলিশ সদস্যদের সহায়তায় কয়েকজনকে হাতকড়া পরিয়ে নিয়ে যেতে দেখা যায়। এই ঘটনা ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়।
ঘটনার পরদিন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবিপ্রধান শফিকুল ইসলাম জানিয়েছিলেন, স্থানীয় ডিসিকে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং আইনের ব্যত্যয় ঘটলে ডিএমপি অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে। এদিকে রোববার রাতে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। এ খবর খোদ বিএনপির অনেক নেতাকর্মীকে ফেইসবুকে শেয়ার করতে দেখা যায়।
ফেইসবুকে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরতে গিয়ে ইশরাক হোসেন লিখেছেন, ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাস করতে দেখা গেছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।





