চট্টগ্রাম নগরের চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাহাত উল্ল্যাহর বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা মামলায় দলটির সদস্যসচিব শহীদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই মামলায় শহীদুল ইসলামের পাশাপাশি আবু হাসনাত নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর শহীদুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গত শনিবার রাতে নগরের কাপাসগোলা এলাকায় রাহাত উল্ল্যাহর বাসায় হামলার ঘটনাটি ঘটে। রাহাতকে খুঁজতে ২০ থেকে ২৫ জন সঙ্গীকে নিয়ে শহীদুল ইসলাম ও আবু হাসনাত ওই বাসায় প্রবেশ করেন। রাহাতকে না পেয়ে তারা বাসার আসবাবপত্র, দরজা ও জানালা ভাঙচুর করেন। এ সময় রাহাতের মা সেলিনা আক্তারকে মারধর করা হলে তাকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী ফখরুল ইসলাম আহত হন।
এ ঘটনায় সেলিনা আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। মামলাটি দায়েরের পর রাতে পুলিশ অভিযান চালিয়ে শহীদুল ইসলাম ও আবু হাসনাতকে গ্রেপ্তার করে। নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ জানান, গ্রেপ্তার দুজনকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে দলীয় সহযোদ্ধার বাসায় হামলা, পরিবারের সদস্যদের মারধর, ভয়ভীতি প্রদর্শন ও লুটপাটের অভিযোগে শহীদুল ইসলামকে প্রাথমিক সদস্যপদসহ স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন নগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জমির উদ্দিন। তিনি আরও জানান, শহীদুলকে এর আগেও বহিষ্কার করা হয়েছিল, যা পরে প্রত্যাহার করা হয়। এর আগে গত বছরের ৬ জানুয়ারি নগরের পাঁচলাইশের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে কোতোয়ালি থানার তৎকালীন ওসি নেজাম উদ্দিনকে হেনস্তা করার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি ও হামলার বিভিন্ন অভিযোগ রয়েছে।





