মদনে মাদক সেবনকালে পৌর ছাত্রদল সম্পাদকসহ আটক ৪

Published: October 12, 2026, 6:14 pm

নেত্রকোণার মদন পৌরসভার সওদাগরপাড়া বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে ইয়াবা ও গাঁজা সেবন করা হচ্ছিল। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চার থেকে পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

আটক চারজনের মধ্যে রয়েছেন মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হিরা (২৯)। তিনি মদন উপজেলার কুলিয়াটি পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা, বর্তমানে মদন বাজারে অবস্থান করেন এবং মৃত আব্দুর রহিমের ছেলে।

আটক অন্য তিনজন হলেন—মদন দক্ষিণপাড়া গ্রামের শান্তু মিয়ার ছেলে হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে মো. মানিক (৩০) এবং আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্দর গ্রামের আ. জলিলের ছেলে তারেক (২৪)।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh