মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির বৈঠকে অংশ নিতে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এই বৈঠকে যোগ দিচ্ছে।
সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বিবৃতিতে এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়, রিয়াদে সৌদি আরব ও তুরস্কের সমকক্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির।
এই বৈঠকে তিন দেশের মধ্যে কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি, যৌথ প্রতিরোধ সক্ষমতা জোরদার এবং পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতার পরিধি সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে, গত ৭ আগস্ট যৌথ প্রতিরোধ সক্ষমতা জোরদার এবং প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান যৌথভাবে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করেছিল।
উল্লেখ্য, ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকার হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার ঘোষণা দেওয়ার ঠিক পরদিনই রিয়াদে এই ত্রিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। মূলত চুক্তির আওতাভুক্ত দেশগুলোর মধ্যে কৌশলগত সমন্বয় ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার অংশ হিসেবেই রিয়াদের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।





