তিন মাসের মধ্যে কেরানীগঞ্জে সরছে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল

Published: October 3, 2026, 10:06 am

রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল আগামী তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় সরিয়ে নেওয়া হবে। শনিবার (৩ অক্টোবর) মহাখালী বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার জানান, চুনকুটিয়ার ঝিলমিল প্রকল্প এলাকায় ১০ একর জায়গায় বর্তমানে বাস ডিপো তৈরির কাজ চলছে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গুলিস্তান ও ফুলবাড়িয়া থেকে চলাচলকারী সব বাস সেখানে স্থানান্তর করা হবে। তিনি বলেন, “আমরা সর্বোচ্চ তিন মাস সময় নিয়েছি। কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ফুলবাড়িয়া ও গুলিস্তানের বাস সেখানে শিফট করা হবে।”

ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, রাজউকের মাধ্যমে পর্যায়ক্রমে আরও প্রায় ৭৫ একর জায়গা পাওয়া যাবে। সেখানে একটি স্থায়ী বাস টার্মিনাল ও ডিপো নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া চুনকুটিয়ায় একটি মাল্টিমডেল ট্রান্সপোর্ট হাব গড়ে তোলা হবে। সেখানে দক্ষিণবঙ্গের ১৯ জেলার বাসসহ অন্যান্য পরিবহন এবং বাদামতলী আড়তের ট্রাকও পর্যায়ক্রমে স্থানান্তর করা হবে।

পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, চুনকুটিয়ায় স্থানান্তরের পর সব পরিবহন কঠোর নিয়মের মধ্যে পরিচালিত হবে। নির্ধারিত নিয়মের বাইরে কোনো অনিয়ম করার চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin