পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং বিশ্বমঞ্চে নিজেদের শর্তে আলোচনা, সহযোগিতা ও অংশীদারত্ব করতে প্রস্তুত। শনিবার রাজধানীতে আয়োজিত পঞ্চম ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর ‘নতুন করে লেখা এক বিশ্ব’ শীর্ষক সেশনে তিনি এসব কথা বলেন। তিনি স্পষ্ট করেন যে, বাংলাদেশ আর অন্য কোনো দেশের ভূ-রাজনৈতিক খেলার দাবার বোর্ড হতে চায় না; বরং নিজেদের শর্তেই খেলতে আগ্রহী।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিশ্বের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হলো জনগণের স্বার্থ। অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও উপসাগরীয় যুদ্ধের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, যেখানে জ্বালানি সংকট এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ ছিল।
জ্বালানি নিরাপত্তা প্রসঙ্গে শামা ওবায়েদ জানান, সরকার জ্বালানি উৎসের বৈচিত্র্যকরণে কাজ করছে। বিগত সরকারগুলোর আমলে দেশের নিজস্ব গ্যাস ও এলএনজি ক্ষেত্র অনুসন্ধানে অবহেলা থাকলেও, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার তা শুরু করেছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ ব্যবহারের দিকেও নজর দেওয়া হচ্ছে এবং প্রতিটি নাগরিককে জ্বালানির ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
রোহিঙ্গা সংকটের বিষয়ে তিনি বলেন, ১০ বছরেরও বেশি সময় ধরে শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ অর্থনৈতিক চাপের মুখে রয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে দেশ সবসময় সহযোগিতামূলক ভূমিকা পালন করলেও, এখন বন্ধুরাষ্ট্র, উন্নয়ন সহযোগী এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে নিয়ে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, সম্মানজনক ও সুশৃঙ্খল প্রত্যাবাসনের কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে।
উল্লেখ্য, ‘নতুন করে গড়ে ওঠা এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’ স্লোগানে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এই সম্মেলনের আয়োজন করে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১৫: ১৩আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১৫: ১৪





