বাংলাদেশের পর্যটন শিল্পে টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন এবং ডিজিটাল রূপান্তরের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ প্রদান করা হচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন জাতীয় পর্যটন সংস্থা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এই পুরস্কারের আয়োজন করেছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তি, প্রতিষ্ঠান, উদ্যোক্তা এবং পর্যটন উদ্যোগের কাছ থেকে মনোনয়ন আহ্বান করা হয়েছিল। স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের উৎসাহিতকরণ এবং পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যারা বিশেষ ভূমিকা রেখেছেন, তাদের এই পুরস্কারের জন্য বিবেচনা করা হয়েছে।
প্রাপ্ত মনোনয়নগুলো যাচাই-বাছাইয়ের জন্য সরকারি ও বেসরকারি অংশীজনদের সমন্বয়ে একটি ক্যাটাগরিভিত্তিক জুরি বোর্ড গঠন করা হয়েছিল। জুরি বোর্ড প্রাপ্ত মনোনয়নগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা হিসেবে ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোগ নির্বাচন করেছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে নির্বাচিত সকল বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।





