রাজধানীর বাংলামোটরে ব্যক্তিগত বিরোধের জেরে সোহাগ (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চাঁদাবাজিকে কেন্দ্র করে বাংলামোটর এলাকায় সোহাগ ও সাইমনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সাইমন ও তার সঙ্গীরা মিলে সোহাগকে বেধড়ক মারধর করেন, এতে তিনি গুরুতর রক্তাক্ত আহত হন।
মারধরের পর এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে সাইমন দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনার পরপরই স্থানীয় উত্তেজিত জনতা সাইমনের ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করে। খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি থমথমে রয়েছে।
হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, বাংলামোটর মোড়ের উত্তর পাশের একটি গলিতে এই ঘটনা ঘটেছে। আহত সোহাগকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। ওসি আরও জানান, সাইমনের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে সোহাগের মাথায় আঘাত করা হয়, যার ফলে তিনি রক্তাক্ত জখম হন। ঘটনার পর সাইমন ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যান।
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ২৩: ০৬আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ২৩: ২৭





