সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার এই প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
ভাইরাল হওয়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ওসি রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায়। অডিওতে রাকিবুল ইসলামকে বলতে শোনা যায়, শেখ হাসিনার ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই, বরং এখনই তার দেশে ফিরে আসা উচিত। তিনি আরও বলেন, রাস্তার পুলিশ দুর্বল, তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে চলে আসা উচিত।
এছাড়া অডিওতে সেনাবাহিনীকে শুধু ক্যান্টনমেন্টের ভেতরে থাকতে বলার বিষয়েও রাকিবুল ইসলামের বক্তব্য শোনা যায়। অডিও রেকর্ডে আরও বিভিন্ন বিষয়ে কথা বলতে শোনা গেছে তাকে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার পর অবশেষে ওসি রাকিবুল ইসলামকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো।





