সুফি সাধক আবু জাফর আল-উরইয়ানি ও ইবন আরাবির আধ্যাত্মিক সম্পর্ক

Published: September 22, 2026, 9:50 am

আবু জাফর আল-উরইয়ানি ছিলেন দ্বাদশ শতকের আন্দালুসিয়ার (বর্তমান পর্তুগাল ও স্পেন) একজন প্রখ্যাত সুফি সাধক। তিনি মহান সুফি দার্শনিক ইবন আরাবির প্রথম আধ্যাত্মিক গুরু হিসেবে পরিচিত। ১১৮৪ খ্রিষ্টাব্দে তরুণ ইবন আরাবি তার শিষ্যত্ব গ্রহণ করেন এবং ১১৯০ খ্রিষ্টাব্দের দিকে এই মহান সাধক মৃত্যুবরণ করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও খোদার প্রেমে ও আত্মশুদ্ধিতে তিনি অনন্য উচ্চতায় পৌঁছেছিলেন। ইবন আরাবির ‘রূহ আল-কুদস ও আদ-দুররাত আল-ফাখিরাহ’ অবলম্বনে আর. ডব্লিউ. জে. অস্টিনের ইংরেজি অনুবাদ ‘আন্দালুসের সুফি’ গ্রন্থে তার জীবন ও সাধনার অনেক দুর্লভ তথ্য উঠে এসেছে।

আল-উরইয়ানি সর্বদা আল্লাহর স্মরণে নিমগ্ন থাকতেন, এমনকি ঘুমের মধ্যেও তার জিকির থামত না। তিনি বলতেন, পৃথিবীর সাথে মানুষের বন্ধন ছিন্ন করে আল্লাহ ছাড়া অন্য কাউকে সঙ্গী না করাই আধ্যাত্মিক পথের প্রথম কাজ। তিনি বিশ্বাস করতেন, কোরআন কেবল মানুষ ধারণ করে না, বরং কোরআনই মানুষকে ধারণ ও রক্ষা করে। তার কাছে দোয়া ছিল কেবল শব্দ নয়, বরং নিজের অস্তিত্ব বিলীন করে স্রষ্টার সান্নিধ্য লাভের মাধ্যম।

তার জীবনের বিভিন্ন ঘটনা অলৌকিকতার চেয়েও আধ্যাত্মিক ইশারার প্রতীক হিসেবে বিবেচিত। একবার খ্রিষ্টানদের হাতে বন্দী হয়ে তিনি পাঁচশ দিনারের বিনিময়ে মুক্তি পান। তিনি বলতেন, এই মুক্তি কেবল তার নয়, বরং আরও অনেক হৃদয়ের মুক্তির সম্ভাবনা। বৃষ্টিহীন সময়ে তার প্রার্থনায় বৃষ্টি নামার ঘটনা কিংবা তার ডুমুরের ঘটনাগুলো ইবন আরাবির কাছে আধ্যাত্মিক শিক্ষার আকর ছিল।

শহরের লোকেরা শুরুতে তাকে বুঝতে না পেরে তাড়িয়ে দিলেও পরবর্তীতে তার অলৌকিক আধ্যাত্মিক প্রভাব দেখে ক্ষমা চেয়ে তাকে ফিরিয়ে আনে। আল-উরইয়ানি বিশ্বাস করতেন, দৃশ্যমান জগতের আড়ালে সবসময় একটি অদৃশ্য বিধান কাজ করে। ইবন আরাবির সাথে তার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর, তিনি তাকে ‘পুত্র’ বলে সম্বোধন করতেন। তার সান্নিধ্যেই ইবন আরাবির আধ্যাত্মিক জীবনের ভিত্তি গড়ে ওঠে। জ্ঞানের গভীরতায় তিনি বিশ্বাস করতেন যে, প্রতিটি উত্তর আরেকটি প্রশ্নের জন্ম দেয়, যা শেষ পর্যন্ত মানুষকে এক নীরবতায় নিয়ে যায়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin