ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের সংকট তৈরি করা যাবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Published: September 22, 2026, 8:08 am

ঢাকা শহরের বিভিন্ন স্থানে দু-একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কিংবা বাসে অগ্নিসংযোগের মাধ্যমে সরকারের মধ্যে কোনো ধরনের সংকট সৃষ্টি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি স্পষ্ট জানিয়েছেন, দেশে বর্তমানে কোনো রাজনৈতিক সংকট নেই এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের পাঁচ বছরের মেয়াদকাল মেনে নিয়েই সবার রাজনীতি করা উচিত।

আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জাহেদ উর রহমান বলেন, ‘আওয়ামী লীগ বলছি না, কিন্তু ঢাকা শহরে কিছু কিছু জায়গায় দু-একটা ককটেল ফুটেছে, বাসে আগুন হয়েছে, এগুলো করে আসলে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে বলে আমি মনে করি না।’ দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি প্রতিবেশী ভারতের উদাহরণ টানেন।

উপদেষ্টা উল্লেখ করেন, ভারতে ককরোচ জনতা পার্টি বড় ধরনের আন্দোলন করেছিল এবং এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কৃষকেরা দীর্ঘ আন্দোলন করে পুরো দিল্লি অবরুদ্ধ করে ফেলেছিলেন। কিন্তু সেইসব আন্দোলনের সময়ও কেউ সরকারের পদত্যাগ দাবি করেনি। তিনি মনে করেন, সরকারের যেখানে ব্যর্থতা রয়েছে, সেখানে চাপ সৃষ্টি করাই মূলত আন্দোলনের সঠিক ও ইতিবাচক পথ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo