১৯৯৮ সালে কোরবানির ঈদের দিন চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হওয়ার পর থেকেই দর্শক মহলে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাটি। সেই মুক্তির ২৮ বছর পর এবার নতুন আঙ্গিকে দর্শকদের সামনে আসছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। পরিচালক কামরুজ্জামান পরিচালিত এই নতুন সিনেমাটি ইতিমধ্যে সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে এবং আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
নতুন এই সিনেমাটি নিয়ে পরিচালক কামরুজ্জামান বলেন, ‘এ ধরনের ছবি রিমেক করাটা একটা বড় চ্যালেঞ্জ। বর্তমান সময়ের কথা মাথায় রেখে আমরা কাজটা করেছি। ছবিটি দেখার পর বাকিটা সবাই বলবেন।’
উল্লেখ্য যে, ১৯৯৮ সালে মুক্তি পাওয়া মূল সিনেমাটির পরিচালক ছিলেন বাসু চ্যাটার্জি এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস ও প্রিয়াঙ্কা ত্রিবেদী। নতুন রিমেকে ফেরদৌসের চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান সারোয়ার এবং প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্রে দেখা যাবে রাদিফা নারমিনকে। আরিয়ানের এটি দ্বিতীয় সিনেমা হলেও প্রধান চরিত্রে এটিই তার প্রথম কাজ। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আরিয়ান বলেন, ‘শুটিংয়ের আগে পুরো ছবি দেখেছি একাধিকবার। ফেরদৌস ভাইকে অনুসরণ করেছি, তবে অনুকরণ নয়। পরিচালকের নির্দেশনা ও আমার মতো করে চরিত্রটা পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তবে অভিনয়জীবনের শুরুতে এটা বড় একটা প্রাপ্তি এমন চরিত্রে অভিনয় করতে পারা।’
‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমায় আরিয়ান ও রাদিফা ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরী। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার অন্যতম সফল সিনেমা ছিল ‘হঠাৎ বৃষ্টি’, যা আশীর্বাদ চলচ্চিত্র ও ভারতের গ্রামকো ফিল্মস যৌথভাবে প্রযোজনা করেছিল। নতুন এই সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম।





