তাইওয়ানে স্থানীয় সরকার নির্বাচন শনিবার, নজরে ২০২৮-এর রাজনৈতিক কৌশল

Published: November 25, 2026, 10:36 am

তাইওয়ানে আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। দ্বীপটির ২২টি শহর ও কাউন্টিতে মোট ১১ হাজার ৫১টি পদে প্রতিনিধি নির্বাচনে ভোট দেবেন প্রায় ২ কোটি ভোটার। স্থানীয় নেতৃত্ব নির্ধারণের পাশাপাশি ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) এবং প্রধান বিরোধী দল কুওমিনতাংয়ের (কেএমটি) জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তি যাচাইয়ের বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে এই নির্বাচনকে। মূলত স্থানীয় সরকারকেন্দ্রিক হলেও এর ফলাফল ২০২৮ সালের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে দুই প্রধান দলের প্রার্থী মনোনয়ন ও রাজনৈতিক কৌশলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে ২২টি শহর ও কাউন্টির মেয়র, প্রধান নির্বাহী, সিটি ও কাউন্টি কাউন্সিলর এবং ওয়ার্ডপ্রধানসহ বিপুলসংখ্যক স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচিত হন। শনিবার সন্ধ্যার মধ্যেই ভোটের ফল স্পষ্ট হতে পারে। বেইজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করলেও দ্বীপটি নিজস্ব গণতান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত হয়। স্থানীয় জনপ্রতিনিধিরা সরাসরি চীনের সঙ্গে সম্পর্ক নির্ধারণ না করলেও এবারের নির্বাচনে জ্বালানিনীতি একটি বড় ইস্যুতে পরিণত হয়েছে। ২০২৫ সালে দ্বীপটির সর্বশেষ চালু থাকা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হওয়ার পর এবার বিরোধী দলের উদ্যোগে একটি গণভোটও অনুষ্ঠিত হচ্ছে, যেখানে পারমাণবিক বিদ্যুৎ ব্যবহারে ফিরে আসা ও পারমাণবিক বিদ্যুৎমুক্ত ভূখণ্ড গড়ে তোলার সরকারি নীতি পরিত্যাগের বিষয়ে ভোটাররা মতামত দেবেন।

এর আগে ২০২২ সালের স্থানীয় নির্বাচনে বিরোধী দল কেএমটি বড় ধরনের জয় পেয়েছিল। তারা ২২টি অঞ্চলের মধ্যে ১৪টিতে জয়লাভ করে, যেখানে ক্ষমতাসীন ডিপিপি জয় পায় মাত্র ৫টিতে। বাকি তিনটির মধ্যে তাইওয়ান পিপলস পার্টি দুটিতে এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হন। সেই ধাক্কা সামলে ডিপিপি এবার কতটা জনসমর্থন পুনরুদ্ধার করতে পারবে, আর কেএমটি তাদের আধিপত্য ধরে রাখতে পারবে কি না—তা বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে তাইওয়ানের বড় ও জনবহুল ছয়টি পৌরসভার ফলাফল জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে। এর মধ্যে রাজধানী তাইপের বর্তমান কেএমটি মেয়র চিয়াং ওয়ান-আনের বিরুদ্ধে লড়ছেন ডিপিপির প্রার্থী পুমা শেন, যিনি চীনের অপতথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা প্রতিরোধে বিশেষজ্ঞ ও সাবেক শিক্ষাবিদ থেকে আসা আইনপ্রণেতা। এ ছাড়া কেএমটির অধীনে থাকা নিউ তাইপে ধরে রাখার পরীক্ষা এবং ডিপিপির শক্ত ঘাঁটি কাওশিউং শহরে কেএমটির জোরালো প্রচার নজর কাড়ছে। উল্লেখ্য, স্থানীয় আইন অনুযায়ী ভোটের ১০ দিন আগে সব ধরনের জনমত জরিপ প্রকাশ নিষিদ্ধ থাকায় শেষ মুহূর্তের সঠিক চিত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে।

এই নির্বাচনের ফলাফল ২০২৮ সালের শুরুতে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের সমীকরণে বড় ভূমিকা রাখবে। বর্তমান প্রেসিডেন্ট লাই চিং-তে সংবিধান অনুযায়ী তাঁর দ্বিতীয় ও শেষ মেয়াদে প্রার্থী হবেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে বিরোধী দল কেএমটি এখনো তাদের প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করেনি। তবে সাবেক সাংবাদিক ও বর্তমানে তাইচুংয়ের মেয়র লু শিউ-ইয়েনকে তাদের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি তাইপের মেয়র চিয়াং ওয়ান-আনের নামও আলোচনায় রয়েছে, যদিও ২০২৮ সালে কেএমটি ব্যর্থ হলে ২০৩২ সালের নির্বাচনে তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি। তাইওয়ানের ভোটারদের স্থানীয় প্রশাসন ও জনসেবার মূল্যায়ন সরাসরি চীনের সঙ্গে সম্পর্কের গণভোট না হলেও, এর মাধ্যমে জাতীয় নির্বাচনের আগে ক্ষমতার রাজনৈতিক ভারসাম্য ও কৌশলগত অবস্থানের একটি স্পষ্ট দিকনির্দেশনা পাওয়া যাবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh