পাকিস্তানি সিরিজ ‘জো বাঁচে হ্যায় সাং সমেত লো’ নেটফ্লিক্স ইন্ডিয়ায় মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ৪ ডিসেম্বর। এই সিরিজটির সম্প্রচার বন্ধের আহ্বান জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। গতকাল মঙ্গলবার লেখা এই চিঠিতে সংগঠনটির সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত অনুরোধ জানিয়েছেন, ভারতে যেন সিরিজটি কোনোভাবেই সম্প্রচারিত না হয় তা নিশ্চিত করার জন্য।
এআইসিডব্লিউএ-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, পাকিস্তানি চলচ্চিত্র, সিরিজ, গান কিংবা পডকাস্টসহ কোনো ধরনের কনটেন্টই ভারতীয় পর্দায় জায়গা পাওয়ার যোগ্য নয়। তারা ভারতীয় টেলিভিশন, ওটিটি প্ল্যাটফর্ম এবং সিনেমা শিল্পে পাকিস্তানি কনটেন্ট ও এর সাথে সংশ্লিষ্ট শিল্পী বা প্রযোজনা নিষিদ্ধের লক্ষ্যে একটি স্থায়ী ও শক্তিশালী আইন প্রণয়নের দাবি জানিয়েছে। এক্স হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, সন্ত্রাসবাদের জন্য কোনো প্রশংসা নয়, সবার আগে দেশ।
সংগঠনটি নেটফ্লিক্স ইন্ডিয়া এবং অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন ভারতে পাকিস্তানি কনটেন্ট প্রদর্শন না করে এবং এই বিষয়ে প্রকাশ্যে ঘোষণা দেয়। চিঠিতে ২০২৫ সালের ৮ মে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারিকৃত একটি পরামর্শপত্রের কথা উল্লেখ করা হয়, যেখানে ওটিটি প্ল্যাটফর্ম ও স্ট্রিমিং পরিষেবাগুলোকে পাকিস্তানি কনটেন্ট সম্প্রচার বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, ‘জো বাঁচে হ্যায় সাং সমেত লো’ সিরিজটি ফারহাত ইশতিয়াকের একই নামের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত। এই সিরিজে ফাওয়াদ খান, মাহিরা খান, সনম সাঈদ, আহাদ রাজা মীর, হানিয়া আমির, হামজা আলী আব্বাসি ও ইকরা আজিজসহ বেশ কয়েকজন জনপ্রিয় অভিনয়শিল্পী কাজ করেছেন।





