ফুসফুস ক্যানসারের কারণ, লক্ষণ ও প্রতিরোধের কার্যকর উপায়

Published: November 25, 2026, 8:39 am

বিশ্বজুড়ে ক্যানসারজনিত কারণে মৃত্যুর শীর্ষ স্থানটি দখল করে রয়েছে ফুসফুসের ক্যানসার। বাংলাদেশেও এটি অন্যতম মারাত্মক জনস্বাস্থ্য সংকট হিসেবে বিবেচনা করা হয়। এই ব্যাধি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতি বছর নভেম্বর মাসকে ফুসফুস ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। সাধারণত ফুসফুসের স্বাভাবিক কোষের অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত বৃদ্ধির মাধ্যমেই ক্যানসারের সূচনা ঘটে। প্রাথমিক অবস্থায় রোগটি শনাক্ত করা গেলে অনেকের ক্ষেত্রে সফল চিকিৎসা সম্ভব হয়। সঠিক সচেতনতা, ঝুঁকির কারণগুলো এড়িয়ে চলা এবং সময়মতো চিকিৎসকের শরণাপন্ন হওয়ার মাধ্যমে ফুসফুস ক্যানসারের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা যায়।

ফুসফুস ক্যানসারের প্রধান কারণ হিসেবে ধূমপানকে চিহ্নিত করা হলেও ধূমপান না করা সত্ত্বেও ব্যক্তি এই রোগে আক্রান্ত হতে পারেন। ধূমপান ও অন্যান্য তামাকজাত দ্রব্য যেমন সিগারেট ও বিড়ির মাত্রাতিরিক্ত এবং দীর্ঘদিন ব্যবহার এর জন্য ব্যাপকভাবে দায়ী। সরাসরি ধূমপান ছাড়াও অন্যের নির্গত ধোঁয়া শ্বাসের সাথে গ্রহণ বা পরোক্ষ ধূমপানও ক্যানসারের ঝুঁকি বাড়ায়। এ ছাড়া দীর্ঘদিন ধরে দূষিত বায়ুর সংস্পর্শে থাকা এবং পরিবারের নিকটাত্মীয়দের ফুসফুস ক্যানসারের ইতিহাস থাকলেও ঝুঁকির মাত্রা কিছুটা বাড়তে পারে। পাশাপাশি দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ, পরিবেশের রেডন (radon) গ্যাস এবং কিছু ক্ষেত্রে বংশগত জিনগত বৈশিষ্ট্যও এর নেপথ্যে কাজ করে। কর্মক্ষেত্রে ক্ষতিকর রাসায়নিক ও পদার্থ, যেমন—অ্যাজবেস্টস (Asbestos), সিলিকা (Silica), আর্সেনিক (Arsenic) এবং ডিজেলের ধোঁয়ার (Diesel exhaust) সংস্পর্শে আসাও এ রোগের অন্যতম ঝুঁকি।

রোগের প্রাথমিক ধাপে সাধারণত কোনো লক্ষণ স্পষ্ট থাকে না। তবে ক্যানসার যত বিস্তৃত হতে থাকে, উপসর্গগুলো ততটাই প্রকাশ পেতে শুরু করে। এসব লক্ষণের মধ্যে রয়েছে:

দীর্ঘস্থায়ী কাশি কিংবা কাশির স্বাভাবিক ধরনে পরিবর্তন আসা।ক্ষুধামান্দ্য এবং অনবরত দীর্ঘস্থায়ী ক্লান্তি অনুভব করা।ঘন ঘন ফুসফুসের সংক্রমণ বা বারবার নিউমোনিয়ায় আক্রান্ত হওয়া।দীর্ঘদিনের কাশির সাথে রক্ত বের হওয়া অথবা হঠাৎ অকারণে অস্বাভাবিকভাবে ওজন কমে যাওয়া।অবশ্য এসব লক্ষণ দেখা দিলেই যে ক্যানসার তা নয়, অন্য কোনো রোগের কারণেও এগুলো হতে পারে। তাই সঠিক রোগ নির্ণয়ে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। যদিও ফুসফুস ক্যানসার সব ক্ষেত্রে শতভাগ প্রতিরোধ করা সম্ভব নয়, তবে জীবনযাপনে কিছু কার্যকর পদক্ষেপ নিলে এর ঝুঁকি বহুলাংশে কমানো যায়। ক্যানসার প্রতিরোধের সবচেয়ে বড় ও প্রতিরোধযোগ্য উপায় হলো ধূমপান ত্যাগ করা। ধূমপায়ীরা ধূমপান ছাড়ার পর সময়ের সাথে সাথে তাদের ফুসফুস ক্যানসারের ঝুঁকি কমতে শুরু করে। এ ছাড়া নিজের বাসগৃহ, কর্মক্ষেত্র ও ব্যক্তিগত যানবাহনকে পুরোপুরি ধূমপানমুক্ত রাখা উচিত।

পরিবেশের ধুলাবালি ও দূষিত বাতাসের সংস্পর্শ এড়াতে প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে যারা কর্মক্ষেত্রে অ্যাজবেস্টস, সিলিকা বা অন্যান্য ক্ষতিকর পদার্থের সংস্পর্শে কাজ করেন, তাদের উপযুক্ত সুরক্ষাসামগ্রী ব্যবহার করতে হবে। বর্তমানে বা অতীতে দীর্ঘদিন ধূমপানের অভ্যাস ছিল এমন উচ্চঝুঁকিপূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে লো-ডোজ সিটি (Low-dose CT বা LDCT) স্ক্রিনিংয়ের উপযুক্ততা পরখ করে দেখা প্রয়োজন। অবশ্য এই স্ক্রিনিং সবার জন্য বা নিয়মিত সিটি স্ক্যানের জন্য প্রযোজ্য নয়, এটি কেবল নির্দিষ্ট উচ্চঝুঁকি সম্পন্ন মানুষের জন্য সুপারিশ করা হয়। সর্বোপরি, ফুসফুস ক্যানসারের লক্ষণ দেখা দিলে বা সন্দেহ হলে দ্রুত চিকিৎসকের নিকট গিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh