এইচএসসি ও এসএসসি খাতা পুনর্মূল্যায়নে শিক্ষার্থীদের খরচ ৩৫ কোটি টাকা ছাড়িয়েছে

Published: November 25, 2026, 8:15 am

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী প্রায় প্রতি চারজনের একজন শিক্ষার্থী নিজের ফল নিয়ে সন্তুষ্ট ছিলেন না। ফল পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী। সব মিলিয়ে এই পরীক্ষায় মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি খাতা পুনর্মূল্যায়নের আবেদন জমা পড়ে। প্রতি খাতা ১৫০ টাকা ফি হিসেবে শিক্ষার্থীরা এই খাতে ব্যয় করেছেন ১৬ কোটি ৩১ লাখ টাকার বেশি।

এর আগে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি আবেদন জমা পড়েছিল। এসএসসির ক্ষেত্রে শিক্ষার্থীরা ফি বাবদ ব্যয় করেছেন ১৯ কোটি ৩১ লাখ টাকার বেশি। সব মিলিয়ে দুই পরীক্ষা মিলে শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়নের খরচ সাড়ে ৩৫ কোটি টাকা ছাড়িয়েছে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এইচএসসি পরীক্ষায় পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর ২৩ হাজার ১৪৫ জনের ফল পরিবর্তিত হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৫৪৮ জন ফেল থেকে পাস করেছেন এবং ১ হাজার ৬২০ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। ৩১ অক্টোবর প্রকাশিত মূল ফল অনুযায়ী, ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছিলেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন, যার হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ।

চলতি বছরের এসএসসি পরীক্ষা থেকেই প্রথমবারের মতো খাতা নতুন করে মূল্যায়ন শুরু হয়েছে। আগে শুধু নম্বর যোগ-বিয়োগে ভুল বা কোনো প্রশ্নের নম্বর বাদ পড়েছে কি না তা দেখা হতো। নিয়ম বদলানোর পর ফল পরিবর্তনের সংখ্যাও বেড়েছে। এসএসসির ক্ষেত্রে এ বছর ৪ হাজার ৫৮৫ জন ফেল থেকে পাস করেছেন, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ২ হাজার ২০৭। এছাড়া ২৭ হাজার ৮৩৬ জনের গ্রেড পরিবর্তিত হয়েছে।

পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা ফি দিতে হয়, যা অফেরতযোগ্য। বাংলা বা ইংরেজি বিষয়ের ক্ষেত্রে দুই পত্রের জন্য ৩০০ টাকা গুনতে হয়েছে শিক্ষার্থীদের। বোর্ডভেদে ফল পরিবর্তনের হার ভিন্ন। সবচেয়ে বেশি ফল পরিবর্তন হয়েছে ময়মনসিংহ বোর্ডে (১৪ দশমিক ১৪ শতাংশ), এরপর কারিগরি শিক্ষা বোর্ড (১৩ দশমিক ২৩ শতাংশ) ও কুমিল্লা বোর্ডে (১১ দশমিক ১৭ শতাংশ)। রাজশাহী বোর্ডে এই হার সবচেয়ে কম, ২ দশমিক ৪৭ শতাংশ। কারিগরি বোর্ডের ১৭ হাজার ৪৪০ জন আবেদনকারীর মধ্যে ২ হাজার ২২৪ জন ফেল থেকে পাস করেছেন, যা মোট ১১টি বোর্ডের ফেল থেকে পাস করা শিক্ষার্থীদের ৪০ শতাংশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এস এম হাফিজুর রহমান বলেন, সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে দুই পরীক্ষকের মূল্যায়নে বড় ধরনের পার্থক্য হওয়ার কথা নয়। মূল্যায়নে এমন পার্থক্য পরীক্ষকদের নির্ভরযোগ্যতায় ঘাটতি নির্দেশ করে। শিক্ষা বোর্ডগুলোর উচিত নির্ভরযোগ্য পরীক্ষক তৈরিতে আরও গুরুত্ব দেওয়া।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo