নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শুরু সুপ্রিম কোর্টে

Published: November 25, 2026, 6:46 am

বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শুরু হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ বেঞ্চে এই শুনানি কার্যক্রম শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানির দায়িত্ব পালন করছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

ঘটনার সূত্রপাত ২০১৪ সালের ২৭ এপ্রিল, যখন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ পাঁচজনকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ করা হয়। এই অপহরণের ঘটনা দেখে ফেলায় আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক মো. ইব্রাহিমকেও অপহরণ করা হয়। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ছয়টি লাশ ভেসে ওঠে এবং পরদিন আরও একটি লাশ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে ছিলেন নজরুল ইসলাম, চন্দন সরকার, মো. ইব্রাহিম, নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন এবং গাড়িচালক জাহাঙ্গীর আলম।

পরবর্তীতে ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে র‌্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তা—লে. কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন ও কমান্ডার এম এম রানা—এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনসহ মোট ২৬ জনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। এছাড়াও মামলায় আরও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin