ফেলে দেওয়া কাপড়ে বরিশালের ৩০ নারীর ভাগ্য বদলাচ্ছে ‘প্রজেক্ট প্রেরণা’

Published: November 16, 2026, 3:04 am

বরিশাল নগরের কীর্তনখোলা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা স্টেডিয়াম কলোনিতে বাস করেন দুই শতাধিক নারী। দিনমজুর স্বামীদের সীমিত আয়ে যেখানে সংসার চালানোই ছিল চরম সংগ্রামের, সেখানে কাজের ইচ্ছা ও সেলাইয়ের দক্ষতা থাকা সত্ত্বেও উপার্জনের কোনো সুযোগ পাননি অনেকে। তবে তরুণ পাঁচ শিক্ষার্থীর একটি ব্যতিক্রমী উদ্যোগ বদলে দিতে শুরু করেছে সেই চিত্র। তাঁদের গড়ে তোলা 'প্রজেক্ট প্রেরণা'র মাধ্যমে কলোনির ৩০ জন নারী ফেলে দেওয়া টুকরো কাপড় কাজে লাগিয়ে দৃষ্টিনন্দন ব্যাগ, নকশিকাঁথা ও নানা হস্তশিল্পপণ্য তৈরি করছেন। ঘরে বসেই এসব পণ্য তৈরি করে উপার্জন করছেন তাঁরা, যা সংসারে এনেছে সচ্ছলতা এবং পরিবারে বাড়িয়েছে তাঁদের সম্মান ও গুরুত্ব। একসময় উপার্জনের পথ না পাওয়া এই নারীরাই এখন অন্য নারীদের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন।

কলোনির ঘরে ঘরে এখন সেলাই মেশিনের ব্যস্ত শব্দ। গত সোমবার সেখানে গিয়ে দেখা যায়, নিজের ঘরে সেলাই মেশিনে একমনে ব্যাগ তৈরি করছেন গৃহবধূ রিয়ামনি আক্তার। পাশের কক্ষগুলোতে কেউ বুনছেন নকশিকাঁথা, কেউ ব্যাগে রং ও বৈচিত্র্যময় নকশা আঁকছেন, আবার কেউ ব্যস্ত তৈরি পণ্য প্যাকেট করার কাজে। বর্তমানে ১৪ জন নারী এভাবে নিজ ঘরে বসেই নিয়মিত কাজ পরিচালনা করছেন। রিয়ামনি জানান, তাঁর স্বামী দিনমজুর এবং ছয়জনের সংসারে এতদিন টানাটানি লেগে থাকত। আগে শুধু জামা ও ব্লাউজ সেলাইয়ের কাজ পারলেও প্রজেক্ট প্রেরণার মাধ্যমে তিনি ব্যাগ তৈরির কাজ শিখেছেন। একটি ব্যাগ কাটিং ও সেলাই করার বিনিময়ে তিনি ৮০ টাকা মজুরি পান এবং বর্তমানে মাসে ৯ থেকে ১০ হাজার টাকা আয় করছেন। এতে তাঁর সংসারে স্বাবলম্বিতা এসেছে। তবে তাঁর সাধারণ সেলাই দিয়ে মোটা কাপড় সেলাই করা যায় না; ভালো মানের উন্নত মেশিন পেলে কাজ ও আয়—দুটোই বাড়ানো সম্ভব বলে জানান তিনি। সেলাই মেশিন না থাকা গৃহবধূ সাথী আক্তার হাতের সেলাই ও নকশিকাঁথার কাজ করে যা পান, তা দিয়ে স্বামীর পাশে দাঁড়িয়েছেন।

প্রজেক্ট প্রেরণার অধীন মোট ৩০ জন নারী প্রশিক্ষণ পেলেও বর্তমানে ১৪ জন নিয়মিত সরাসরি কাজ করছেন। তাঁদের মধ্যে সাতজন ব্যাগ তৈরি, পাঁচজন এমব্রয়ডারি ও নকশিকাঁথার কাজ এবং দুজন ধোয়া ও প্যাকেজিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন। আর প্রশিক্ষণ নেওয়া বাকি ১৬ জন নারী নিজ উদ্যোগে স্বাধীনভাবে কাজ করছেন। তরুণ উদ্যোক্তাদের তৈরি এসব পণ্য অনলাইনে বিক্রির পাশাপাশি ব্র্যাক ও সামাজিক প্ল্যাটফর্ম বহ্নিশিখাসহ বিভিন্ন প্রতিষ্ঠান নিয়মিত কিনে নিচ্ছে। উদ্যোক্তারা জানান, এক রঙের সাধারণ ব্যাগের পাইকারি মূল্য ১২০ টাকা, হাতে কাজ করা ব্যাগ ৩০০ থেকে ৮০০ টাকা এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী হাতে আঁকা ব্যাগ ৫০০ থেকে ১,০০০ টাকায় বিক্রি করা হয়। এ ছাড়া প্রতিটি নকশিকাঁথা পাইকারি হিসেবে ৪,০০০ টাকায় বিক্রি হয়।

এই সম্ভাবনাময় উদ্যোগটি শুরু হয়েছিল ২০২৪ সালের ১০ নভেম্বর। উদ্যোক্তা দলের পাঁচ তরুণ সদস্য হলেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী আবির মাহমুদ মুনতাহির ও অর্থনীতি বিভাগের স্নাতক চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ইমরান হোসেন, ঢাকা আর্ট কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বীথি আক্তার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. সিয়াম এবং বরিশাল সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের স্নাতক চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী নন্দিনী তিথি। ২০২৪ সালে ব্র্যাকের ‘আমরা নতুন নেটওয়ার্ক’ যুব প্ল্যাটফর্মের আওতায় এক মাসের প্রশিক্ষণ নেওয়ার পর নিজেদের মাত্র সাড়ে চার হাজার টাকা পুঁজি দিয়ে তাঁরা এ উদ্যোগের যাত্রা শুরু করেন। কোনো ব্যাংক ঋণ না নিয়ে পণ্যের অগ্রিম বা অর্ডারের অর্থ দিয়েই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তাঁরা।

উদ্যোগের পেছনের প্রেক্ষাপট জানাতে গিয়ে মো. সিয়াম জানান, কলোনির নারীদের কাজ করার প্রবল ইচ্ছা থাকলেও সুযোগের অভাব ছিল। শুরুতে তাঁরা কোনো প্রতিষ্ঠান না গড়ে ঘরে ঘরে গিয়ে ১০ জন নারীকে সেলাইয়ের প্রশিক্ষণ দেন। আবার উদ্যোক্তা বীথি আক্তারের বেড়ে ওঠা এই স্টেডিয়াম বস্তিতেই। ছোটবেলা থেকে কলোনির নারীদের আর্থিক কষ্ট প্রত্যক্ষ করা বীথি নিজে ব্যাগের নকশাগুলো করেন। প্রথম ব্যাগটি এক বন্ধু ১৫০ টাকায় কিনে নেওয়ার পর যে উৎসাহ তৈরি হয়েছিল, তা-ই তাঁদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। অপর সংগঠক আবির মাহমুদ মুনতাহির বলেন, ‘এখানে যাঁরা কাজ করেন, তাঁরা আমাদের কর্মী নন, বরং আমাদের পার্টনার।’

উদ্যোগটির বাণিজ্যিক সাফল্যও বেশ দ্রুত বাড়ছে। আবির মাহমুদ জানান, প্রথম বছরে প্রায় ১২৭টি ব্যাগ বিক্রি করে তাঁদের আয় হয়েছিল প্রায় ৩০ হাজার টাকা। চলতি বছর এ পর্যন্ত ১,২০০টি ব্যাগ বিক্রি করে প্রায় ২ লাখ টাকা আয় হয়েছে, যার পাশাপাশি নকশিকাঁথা থেকেও লাভ আসছে। খরচ বাদ দিয়ে পণ্য বিক্রির প্রায় ৩০ শতাংশ টাকা নিট লাভ থাকে। আগামী এক বছরের মধ্যে আরও ৩০ জন নারীকে এ কার্যক্রমে যুক্ত করার লক্ষ্য রয়েছে উদ্যোক্তাদের। এ ছাড়া একটি ‘মিনি প্রোডাকশন হাউস’ গড়ে তোলার পরিকল্পনা করছেন তাঁরা, যেখানে অত্যাধুনিক সেলাই মেশিন ও প্রয়োজনীয় সরঞ্জাম থাকবে এবং নারীরা নিজেদের সুবিধাজনক সময়ে এসে কাজ করে যেতে পারবেন।

বর্তমানে উন্নত মানের সেলাই মেশিনের অভাবে চাহিদা থাকা সত্ত্বেও মোটা কাপড়ের ব্যাগ বানানোর কিছু বড় অর্ডার ফিরিয়ে দিতে হচ্ছে। প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম ও সহযোগিতা পেলে আরও বিপুলসংখ্যক নারীকে কাজের সঙ্গে যুক্ত করা সম্ভব বলে মনে করছেন তরুণ উদ্যোক্তারা। তরুণদের এমন দূরদর্শী উদ্যোগ কলোনিতে সরেজমিনে পরিদর্শন করেছেন বরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ও আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ। তিনি প্রজেক্ট প্রেরণার এই সামাজিক অবদানকে সাধুবাদ জানিয়ে প্রথম আলোকে বলেন, প্রকল্পটিকে আরও এগিয়ে নিতে সরকারি কিংবা প্রাতিষ্ঠানিক যেকোনো ধরনের সহায়তা দিতে তাঁরা প্রস্তুত রয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo