মানব জীবনের জৈবিক চাহিদা পূরণের অন্যতম মাধ্যম হলো বিয়ে। ইসলামি শরিয়তে বিয়ের বিধানকে সৃষ্টিজগতের চিরায়ত ধারা হিসেবে গণ্য করা হয়। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, 'আমি প্রতিটি বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, যাতে তোমরা উপদেশ গ্রহণ কর।' (সুরা জারিয়াত, আয়াত: ৪৯)।
যারা বিয়ের সামর্থ্য রাখেন, তাদের সঠিক সময়ে বিয়ে করার জন্য উৎসাহিত করেছেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। তিনি বলেছেন, 'হে যুব সমাজ, তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে, তাদের বিয়ে করা কর্তব্য।
কেননা, বিয়ে দৃষ্টির নিয়ন্ত্রণকারী, যৌনাঙ্গের পবিত্রতাকারী।' (সহিহ বুখারি, হাদিস: ৫০৬৬)। এছাড়া বিয়েকে নবীদের সুন্নত উল্লেখ করে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'বিয়ে আমার সুন্নত। যে আমার সুন্নত অনুযায়ী আমল করে না, সে আমার দলভুক্ত নয়। তোমরা বিয়ে করো। কারণ, আমি উম্মতের সংখ্যা নিয়ে হাশরের মাঠে গর্ব করব।' (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৮৪৬)।
ইসলামি শরিয়ত অনুযায়ী ১৪ শ্রেণির নারীকে বিয়ে করা হারাম বা নিষিদ্ধ। ১. মা, দাদি, নানি এবং তাদের ওপরের সব নারী। ২. বাবার স্ত্রী বা সৎমা; বাবা মারা গেলেও বা তালাক দিলেও তাদের বিয়ে করা বৈধ নয়। ৩. নিজের মেয়ে, ছেলের মেয়ে, মেয়ের মেয়ে এবং তাদের গর্ভজাত কন্যাসন্তান। ৪. সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন। ৫. ফুফু—বাবার সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন।
৬. যে স্ত্রীর সঙ্গে দৈহিক মিলন হয়েছে, তার পূর্ববর্তী বা পরবর্তী স্বামীর ঔরশজাত কন্যাসন্তান, স্ত্রীর আপন মা, নানি শাশুড়ি ও দাদি শাশুড়ি। ৭. খালা—মায়ের সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন। ৮. ভাতিজি—সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাইয়ের মেয়ে এবং তাদের পরের প্রজন্মের কন্যাসন্তান।
৯. ভাগ্নি—সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোনের মেয়ে এবং তাদের পরের প্রজন্মের কন্যাসন্তান। ১০. দুধ মেয়ে—স্ত্রীর দুধ পান করেছে এমন মেয়ে, সেই মেয়ের মেয়ে, দুধছেলের মেয়ে এবং তাদের পরের প্রজন্মের কন্যাসন্তান, এছাড়া দুধছেলের স্ত্রী। ১১. দুধ মা এবং তার দিকের খালা, ফুফু, নানি, দাদি ও তাদের ঊর্ধ্বতন নারীরা।
১২. দুধ বোন, দুধ বোনের মেয়ে, দুধ ভাইয়ের মেয়ে এবং তাদের গর্ভজাত যেকোনো কন্যাসন্তান; অর্থাৎ দুধ সম্পর্ককে রক্তসম্পর্কের মতোই গণ্য করতে হবে। ১৪. এমন দুই নারীকে একসঙ্গে স্ত্রী হিসেবে রাখা যাবে না, যাদের একজন পুরুষ হলে তাদের মধ্যে বিয়ে বৈধ হতো না; যেমন—স্ত্রীর বোন, খালা ও ফুফু।





