ঢাকা দক্ষিণে চার রঙের ই-রিকশা, ২৯ হাজার ফরম বিক্রি

Published: November 15, 2026, 3:55 pm

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকাকে চারটি অঞ্চলে ভাগ করে চার রঙের ই-রিকশা চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করেছে। অঞ্চলভেদে এসব রিকশার রঙ হবে সবুজ, নীল, বেগুনি ও কমলা। গত ৩ নভেম্বর থেকে নগর ভবন ও ডিএসসিসির সব আঞ্চলিক কার্যালয়ে এই রিকশার নিবন্ধনের জন্য ১০০ টাকা মূল্যের আবেদন ফরম বিক্রি শুরু হয়েছে। রোববার বিকেল পর্যন্ত মোট ২৯ হাজার ফরম বিক্রি হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ।

সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, কেবল ফরম কিনলেই নিবন্ধন নিশ্চিত হবে না। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত নিরাপত্তা মান ও বিধিমালার সব শর্ত পূরণ সাপেক্ষে আবেদন যাচাই-বাছাই ও কারখানা পরিদর্শনের পরই নিবন্ধনের অনুমতি দেওয়া হবে। বর্তমানে বিদ্যমান ব্যাটারিচালিত অটোরিকশা তুলে দিয়ে নিবন্ধিত ই-রিকশা নামানোর কার্যক্রম দ্রুতগতিতে চলছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

রোববার বিকেলে ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম নগর ভবনে বুয়েটে পরীক্ষিত ই-রিকশা পরিদর্শন করেন। তিনি জানান, সিটি করপোরেশন এলাকায় চলাচলের উপযোগী ই-রিকশা উৎপাদনের লক্ষ্যে ইতিমধ্যে ১১টি প্রতিষ্ঠানের নকশা বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আরও চারটি প্রতিষ্ঠানের রিকশা বর্তমানে পরীক্ষাধীন রয়েছে। নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রতিষ্ঠানগুলোকে বিধিমালা অনুযায়ী আবেদন করতে হবে। প্রশাসক মো. আবদুস সালাম আরও বলেন, যাত্রীর নিরাপত্তা ও সড়কের শৃঙ্খলা নিশ্চিত করাই মূল লক্ষ্য। বুয়েটের পরীক্ষায় উত্তীর্ণ হলে নতুন বা পুরোনো যেকোনো মডেলের ই-রিকশাকে লাইসেন্স দেওয়া হবে, তবে নির্দিষ্ট জোনে নির্ধারিত সংখ্যার বাইরে কোনো লাইসেন্স দেওয়া হবে না।

স্থানীয় সরকার বিভাগ গত ২৯ অক্টোবর ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করে। এই বিধিমালা অনুযায়ী, একজন ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নিতে পারবেন। নিবন্ধিত প্রতিটি রিকশায় কিউআর কোডযুক্ত নম্বরপ্লেট থাকবে। এছাড়া ই-রিকশার সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫ কিলোমিটার এবং জনাকীর্ণ এলাকায় ১৫ কিলোমিটারের বেশি হতে পারবে না। সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ নির্দিষ্ট রুট নির্ধারণ করে দেবে এবং এক অঞ্চলের রিকশা অন্য অঞ্চলে চলতে পারবে না। এছাড়া মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, উড়াল সড়ক ও প্রধান বাস রুটগুলোতে এসব যান চলাচল নিষিদ্ধ থাকবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo