রংপুর আইনজীবী সমিতির ভোটাধিকার হরণ এবং বৈষম্যমূলক বিধান বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন নবীন ও জ্যেষ্ঠ আইনজীবীরা। বুধবার দুপুরে রংপুর আইনজীবী ভবনের সামনে ‘ভোটাধিকার বঞ্চিত বৈষম্যের শিকার আইনজীবী’ ব্যানারে মুখে কালো কাপড় বেঁধে এই প্রতিবাদী কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আ. হানিফ মিয়া, গভর্নমেন্ট প্লিডার (জিপি) অ্যাডভোকেট একরামুল হক, নারী ও শিশু আদালত-১-এর পিপি অ্যাডভোকেট শফি কামাল, নারী ও শিশু আদালত-২-এর পিপি অ্যাডভোকেট মোকসেদুল ইসলাম, নারী ও শিশু আদালত-৩-এর পিপি অ্যাডভোকেট মোজাহারুল ইসলাম বাবলু উপস্থিত ছিলেন। এছাড়াও সিনিয়র অ্যাডভোকেট বায়েজীদ ওসমানী, অ্যাডভোকেট রফিকুল ইসলাম লাল, অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ, অ্যাডভোকেট জোবাইদু ইসলাম বুলেট ও অ্যাডভোকেট ফজলুল হকসহ অন্যান্য আইনজীবীরা এতে অংশ নেন।
নারী ও শিশু আদালত-১-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফি কামাল বলেন, ২৪ বছর ধরে আইনজীবীদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারা বৈষম্যের একটি বড় উদাহরণ। তিনি আরও বলেন, ২০২৪ সালের আন্দোলনের মূল লক্ষ্য ছিল বৈষম্য দূর করা, অথচ আইনজীবীদের ক্ষেত্রে সেই বৈষম্য এখনো কার্যকর। তিনি সাংগঠনিক ও ব্যক্তিগতভাবে সবার ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান। তিনি আরও যোগ করেন, হুমকি দিয়ে ক্ষমতা ধরে রাখা বা কাজ আদায় করা সম্ভব নয়, তাই রংপুর আইনজীবী সমিতিতে সুষ্ঠু সমাধান ও নেতৃত্বের পরিবর্তন প্রয়োজন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আ. হানিফ মিয়া বলেন, দীর্ঘ ২৪ বছর ধরে আইনজীবীরা বৈষম্যের শিকার হচ্ছেন। সমস্যার সুষ্ঠু সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। বক্তারা অভিযোগ করেন, সাধারণ সদস্য ও অ্যাসোসিয়েট সদস্য নামে বিভক্ত করে সমিতি বৈষম্যমূলক আচরণ করছে, তাই সবাইকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানান তাঁরা।
অবস্থান কর্মসূচির চতুর্থ দিনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সাত দিনের মধ্যে এই সমস্যার চূড়ান্ত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে। এছাড়া আইনজীবীদের ভোটাধিকার নিশ্চিত করা না হলে আগামীতে বার কাউন্সিলের নির্বাচন বয়কটের ঘোষণাও দেওয়া হয়েছে। বক্তারা উল্লেখ করেন, ভোট দেওয়া মানুষের গণতান্ত্রিক ও জন্মগত অধিকার, যা ফ্যাসিবাদী আমলে তৈরি একটি আইনের কারণে তরুণ অ্যাসোসিয়েট সদস্যরা পাচ্ছেন না।





