গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির পেট থেকে অস্ত্রোপচার করে একাধিক গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা বের করেছেন চিকিৎসকেরা। শারীরিক জটিলতা ও পেটে তীব্র ব্যথা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অস্ত্রোপচারের শিকার ওই কয়েদির নাম হাসমত আলী (৪৪)। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলী ওরফে ছমের ছেলে। তিনি একটি হত্যা মামলায় কাশিমপুর কারাগারে সাজা ভুগছিলেন।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কাশিমপুর কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসমত আলীকে উন্নত চিকিৎসার জন্য গত ৩১ অক্টোবর সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। পরবর্তী সময়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর পেটে অস্বাভাবিক বস্তুর অস্তিত্ব ধরা পড়ে। এরপর গত ৪ নভেম্বর চিকিৎসকেরা তাঁর পেটে সফল অস্ত্রোপচার পরিচালনা করে বস্তুগুলো বের করে আনেন।
কারাগারের প্রশাসনিক কর্মকর্তারা জানান, হাসমত আলী দীর্ঘদিন ধরেই মানসিকভাবে বিপর্যস্ত। তাঁর বাবা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকেই তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। কারাবন্দী অবস্থায় নিজের মানসিক কষ্ট ভুলে থাকতে তিনি কোনো কাজে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাঁর আবেদনের প্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ তাঁকে পরিচ্ছন্নতাকর্মীর কাজ দেয়।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন জানান, পরিচ্ছন্নতার কাজ করার সময় বিভিন্ন ময়লা-আবর্জনা থেকে গ্যাসলাইটারসহ অন্যান্য বস্তু সংগ্রহ করতেন হাসমত। পরবর্তীতে মানসিক অসুস্থতার কারণে তিনি সেগুলো খেয়ে ফেলতেন। একপর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসকদের কাছে পাঠানো হয় এবং পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।





