আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি তাসকিন ও শরিফুলের, এগিয়েছেন তানজিদ

Published: October 21, 2026, 11:16 am

আইসিসির সর্বশেষ প্রকাশিত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে বল হাতে উজ্জ্বল পারফরম্যান্সের সুবাদে বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তারা। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ৩টি উইকেট শিকার করে তাসকিন আহমেদ ৯ ধাপ এগিয়ে বর্তমানে ৫৮৬ রেটিং পয়েন্ট নিয়ে ১২তম অবস্থানে রয়েছেন। তার ঠিক এক ধাপ ওপরে ৫৮৭ রেটিং পয়েন্ট নিয়ে ১১তম স্থানে আছেন শরিফুল ইসলাম। তবে এই ম্যাচে কিছুটা ছন্দহীন ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন; ৯ ওভারে ৬৬ রান দিয়ে ১ উইকেট পাওয়ায় তিনি ৬ ধাপ পিছিয়ে ৮৪তম অবস্থানে নেমে গেছেন।

ব্যাটিং অংশেও উন্নতি দেখা গেছে। জিম্বাবুয়ের বিপক্ষে ৩৮ বলে ৪৬ রানের একটি কার্যকরী ইনিংস খেলে তানজিদ হাসান তামিম ৩ ধাপ এগিয়ে ২১তম স্থানে জায়গা করে নিয়েছেন। এই অবস্থানে তিনি দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার কুইন্টন ডি ককের সঙ্গে যৌথভাবে রয়েছেন। তবে বাংলাদেশের অন্য ব্যাটারদের জন্য র‍্যাঙ্কিং খুব একটা স্বস্তিদায়ক ছিল না। তাওহিদ হৃদয় ৩ ধাপ নেমে ২৫ নম্বরে, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৬ ধাপ পিছিয়ে যৌথভাবে ৩৭ নম্বরে এবং মেহেদি হাসান মিরাজ ৩ ধাপ নেমে ৭৯ নম্বরে অবস্থান করছেন।

এদিকে আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় সংস্করণেই বোলারদের র‍্যাঙ্কিংয়ে নিজের শীর্ষস্থান আরও মজবুত করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে ৮ ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট নেওয়ায় তার রেটিং পয়েন্ট ২৮ বেড়েছে এবং তিনি দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের আবরার আহমেদের চেয়ে ৮০ পয়েন্টে এগিয়ে রয়েছেন। এছাড়া অলরাউন্ডারদের তালিকাতেও দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন রশিদ।

জিম্বাবুয়ের বিপক্ষে ১১০ বলে ১০২ রানের নান্দনিক সেঞ্চুরি হাঁকানো আফগান ব্যাটার সেদিকউল্লাহ আতাল র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। ৩২তম স্থান থেকে তিনি সরাসরি ২০তম স্থানে উঠে এসেছেন। তার এই সেঞ্চুরিতে আফগানিস্তান জিম্বাবুয়েকে ১৫৮ রানের বড় ব্যবধানে হারিয়েছিল। এছাড়া ওয়ানডে ব্যাটারদের তালিকায় পাকিস্তানের সালমান আগা ১২তম এবং ইংল্যান্ডের বেন ডাকেট ১৩তম স্থানে উন্নতি করেছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ৯ নম্বরে, শেরফেন রাদারফোর্ড ১৮তম স্থানে এবং ক্যারিবীয় স্পিনার গুদাকেশ মোতি ১০ ধাপ এগিয়ে ২৬তম স্থানে উঠে এসেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh