সৌদির চার অঞ্চলে রেড অ্যালার্ট, আকস্মিক বন্যার আশঙ্কা

Published: October 19, 2026, 3:46 am

সৌদি আরবের চারটি অঞ্চলে তীব্র বজ্রপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় সরকার রেড অ্যালার্ট জারি করেছে। রোববার (১৮ অক্টোবর) দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) এক বুলেটিনের মাধ্যমে এই সতর্কবার্তা প্রদান করেছে।

এনসিএম-এর পূর্বাভাস অনুযায়ী, জিজান, আসির, আল-বাহা এবং মক্কা অঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার সাথে শিলাবৃষ্টি এবং শক্তিশালী দমকা হাওয়া বইতে পারে, যা ধূলিঝড় ও বালুঝড় সৃষ্টির কারণ হতে পারে। সংস্থাটি জানিয়েছে, ভারী বর্ষণের ফলে এই চার অঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।

একইসাথে জিজান, আসির, আল-বাহা ও মক্কার কিছু অংশসহ পূর্বাঞ্চলীয় প্রদেশের উপকূলীয় এলাকায় কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দৃশ্যমানতা বা দৃষ্টিসীমা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে বলে জানানো হয়েছে।

এদিকে, সৌদির বিভিন্ন শহরে তাপমাত্রা চড়া থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কেন্দ্র। দেশটির দাম্মামে সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হতে পারে। এছাড়া মক্কায় ৩৯ ডিগ্রি, রিয়াদ ও বুরাইদাহতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। মদিনায় ৩৭ ডিগ্রি, জেদ্দা ও জিজানে ৩৬ ডিগ্রি, হায়েলে ৩৩ ডিগ্রি, আরাক, সাকাকা ও নাজরানে ৩২ ডিগ্রি এবং তাবুকে ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh